রিজওয়ান–ইমামসহ ৭ জনকে দেশে পাঠাল পাকিস্তান, দলে পাঁচ নতুন মুখ

ইংল্যান্ড সফরে মোটেও ভালো করতে পারছে না পাকিস্তান টেস্ট দলরয়টার্স

হেডিংলি ও লর্ডস টেস্টে শোচনীয় হারের পর দল পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দলের প্রায় অর্ধেক খেলোয়াড়কে বাদ দেওয়ার পাশাপাশি সরফরাজ আহমেদকে প্রধান কোচ ও উমর গুলকে বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরিস্থিতি এতটাই বদলে গেছে যে পাকিস্তানের টেস্ট দলে পাঁচজন নতুন মুখের পাশাপাশি সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে ডাকা হয়েছে, যাঁদের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র ১০ ম্যাচের। সীমিত ওভারে দলের প্রধান কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলে নফকে টেস্ট দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন। টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হেসন।

মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ—এই সাত খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দেওয়া পাঁচ নতুন মুখ—আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজউল্লাহ।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার আলী উসমান
এএফপি

গত কয়েক বছরে পাকিস্তান দলে বেশ কয়েকবার বড় ধরনের পরিবর্তনের ঘটনা ঘটেছে, তবে টেস্ট সিরিজের মাঝপথে এবং সেটাও সিরিজ হার নিশ্চিতের পর নিয়ম রক্ষার ম্যাচের আগে এত বড় পরিসরে দল পুনর্গঠন নজিরবিহীন।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হেডিংলিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং ১৯৭২ সালের পর ওই ভেন্যুতে প্রথম অতিথি স্পিনার হিসেবে এই নজির গড়া আলী উসমানকে বাদ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত।

চলতি সফরে মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাসের বোলিংয়ে স্টাম্পের কাছে দাঁড়িয়ে অসাধারণ কিপিং করলেও ব্যাট হাতে রান পাচ্ছিলেন না রিজওয়ান। লর্ডসে তাঁর স্কোর ৭ ও ১ এবং হেডিংলিতে ১২ ও ৪১। এর আগে ওয়েস্ট ইন্ডিজে তিন ইনিংসে করেছিলেন মোটে ৪১ রান।

আরও পড়ুন

লর্ডস টেস্টে প্রথম দিনে খেলা শেষে বাঁ পায়ের মাংশপেশিতে গ্রেড-ওয়ান চোট পাওয়ায় পাকিস্তানের দুই ইনিংসে ব্যাট করতে নামেননি ইমাম। এতে তিনি তীব্র সমালোচনার শিকার হন। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আগা লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলেননি। ধারণা করা হচ্ছে, ব্যাটিং ফর্ম পড়ে যাওয়ার কারণে হেডিংলিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করার পরও তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।

চলতি বছরের শুরুতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের জার্সিতে আর খেলেননি আইয়ুব। ফিটনেস সমস্যায় কোনো সংস্করণেই তাঁকে বিবেচনা করা হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে খেলেন সর্বশেষ টেস্ট। সেই টেস্টে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে তিনি কেবল দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যা গত বছরের কায়েদ-এ-আজম ট্রফিতে।

এজবাস্টন টেস্টে পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরী (উইকেটকিপার), রাজউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লাহ শাফিক ও উবাইদ শাহ।

টেস্ট দলে পাঁচ নতুন মুখের মধ্যে শুধু বাঁহাতি স্পিনার মিনহাজই এর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। চলতি বছর মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তাঁর অভিষেক এবং স্পিন-সহায়ক উইকেটে দারুণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

সরফরাজের নেতৃত্বে বর্তমান কোচিং প্যানেল গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ঠিক আগে নিয়োগ পায় এবং সাবেক এই পাকিস্তানি অধিনায়কের দায়িত্বে এটি তৃতীয় সিরিজ। উমর গুলের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। চলতি সিরিজের আগে পাকিস্তান ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিকের স্থলাভিষিক্ত হন মাইক স্মিথ।

আরও পড়ুন