রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ
একটা দলের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলছেন। নিজের পারফরম্যান্স দিয়ে হয়ে উঠেছেন সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। অথচ নেতৃত্বের প্রশ্নে তাঁকে ভাবা হলো না। বরং প্রস্তাব দেওয়া হলো সহ-অধিনায়কের দায়িত্ব। সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন যশপ্রীত বুমরা। তাতে নতুন করে প্রশ্ন উঠেছে, মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে তাঁর ভবিষ্যৎ কি আর আগের মতো থাকবে?
রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের গত তিন মৌসুমের বাজে ফল এই সিদ্ধান্তের অন্যতম কারণ। তবে এর চেয়েও বড় কারণ হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সময় ড্রেসিংরুমে তৈরি হওয়া আস্থার সংকট।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হার্দিকের পাঞ্জাব কিংসে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই অক্টোবরের প্রথম সপ্তাহে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক হিসেবে ভাবা হয়নি সূর্যকুমার যাদবকেও। অথচ এ বছরের শুরুতে তাঁর নেতৃত্বেই টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতের বর্তমান টি-টুয়েন্টি সহ-অধিনায়ক তিলক বর্মাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। তিলককে নেতৃত্ব দেওয়ার মতো পরিণত হয়ে উঠতে আরও সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বুমরার ক্ষেত্রে প্রশ্নটা অন্য রকম।
মুম্বাই ইন্ডিয়ানস নিয়মিত সহ-অধিনায়ক নিয়োগ দেয় না। তবে অধিনায়ক না থাকলে দায়িত্ব সামলানোর জন্য অভিজ্ঞ কাউকে প্রয়োজন হয়। গত মৌসুমে হার্দিকের অনুপস্থিতিতে সেই দায়িত্ব পালন করেছিলেন সূর্যকুমার ও বুমরা। এবার বুমরাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সহ-অধিনায়কের দায়িত্ব। অক্টোবরের প্রথম সপ্তাহে ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্মকর্তারাই তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। কিন্তু প্রস্তাবটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই পেসার।
কেন ফিরিয়েছেন, সেটা একমাত্র বুমরাই জানেন। তবে তাঁর পুরোনো একটি মন্তব্য থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। ২০২৬ মৌসুমে তাঁকে অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে বুমরা বলেছিলেন, ‘আমি ভাবিনি মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার আগে, টেস্ট দলের অধিনায়ক হব।’
ডিসেম্বরের শুরুতেই ৩২ বছরে পা দেবেন বুমরা। দলের অধিনায়ক হওয়ার জন্য এটাই হয়তো তাঁর সেরা সুযোগ ছিল। হয়তো শেষ সুযোগও। রোহিতের নেতৃত্বে ম্যান-ম্যানেজমেন্টের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। অন্তত আরও দুই বছর, সম্ভবত তারও বেশি সময় মুম্বাইকে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু বুমরাকে নেতৃত্বের পরিকল্পনার বাইরে রাখার সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিটির জন্য ভবিষ্যতে বড় সমস্যা হয়ে উঠতে পারে।
১৮ কোটি রুপিতে তাঁকে ধরে রেখেছে মুম্বাই। এক দশকের বেশি সময় ধরে দলটির হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। এমন একজন ক্রিকেটার নিশ্চয়ই শুধু বিকল্প নেতা হয়ে থাকতে চাইবেন না। বিশেষ করে পেসারদের ক্যারিয়ার যখন তুলনামূলক ছোট।
তবে মুম্বাই ছেড়ে যাওয়াও সহজ সিদ্ধান্ত হবে না বুমরার জন্য। এই ফ্র্যাঞ্চাইজিতেই তাঁর বেড়ে ওঠা, তারকা হয়ে ওঠা। অন্য কোনো দলে হয়তো এই স্বস্তি পাবেন না। মুম্বাই তাঁকে নিয়ে এত নিশ্চিন্ত থাকার এটাও হয়তো একটা কারণ।