ভারত এবারও ফেবারিট, তবে...

ভারত ক্রিকেট দলের একাংশফাইল ছবি: এএফপি

বিশ্বকাপের দল

•রোহিত শর্মা (অধিনায়ক) •লোকেশ রাহুল •রবিচন্দ্রন অশ্বিন •মোহাম্মদ শামি •যুজবেন্দ্র চাহাল •দীপক হুদা •দিনেশ কার্তিক •বিরাট কোহলি •ভুবনেশ্বর কুমার •হার্দিক পান্ডিয়া •ঋষভ পন্ত •অক্ষর প্যাটেল •হর্শাল প্যাটেল •অর্শদীপ সিং •সূর্যকুমার যাদব

২০০৭-এ শুরু, ২০০৭-এই শেষ। এর পর থেকেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ভারতের বিরাট এক বৈরিতার শুরু। প্রতিবারই ২০ ওভারের বৈশ্বিক আসরে ফেবারিটের তকমা নিয়ে খেলতে নামে ভারত। কিন্তু নকআউট পর্যন্ত পৌঁছেই বিদায়। ২০২১ বিশ্বকাপে তো গ্রুপ পর্বও পার করতে পারেনি ২০০৭ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও প্রশ্ন একটাই—ভারত পারবে তো?

গত বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। এরপর সরে দাঁড়ান একে একে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্ব থেকেও। এরপর রোহিতকে তিন সংস্করণের অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিতের হাত ধরে আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কাঙ্ক্ষিত শিরোপা, এমনই আশা সবার। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ছিটকে পড়ায় সে আশায় হতাশার আঁচড় লাগে।

অধিনায়ক রোহিত শর্মা
ফাইল ছবি

আরেকটি বহুজাতিক টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার পর দলটাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বেরিয়ে আসে ভারতীয় টি-টোয়েন্টি দলের কিছু দুর্বলতাও। এই যেমন বিশ্বকাপের জন্য ঘোষিত দলটায় রোহিত, কোহলির সঙ্গে রাখা হয়েছে লোকেশ রাহুলকেও। মন্থর ব্যাটিংয়ের জন্য সম্প্রতি এই তিনজনকে সমালোচিত হতে হয়েছে।

এশিয়া কাপে অবশ্য রোহিত ও কোহলির মধ্যে দ্রুত রান তোলার চেষ্টা ছিল। দল থেকেও আসে মেরে খেলার ঘোষণা। চোট থেকে ফেরা রাহুল অবশ্য দ্রুত রান তোলার দৌড়ে একটু পিছিয়ে ছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে এই রাহুলেরই ঝোড়ো ব্যাটিং দেখা গেছে। তবু টপ অর্ডারে রোহিত-রাহুলের সঙ্গে কোহলির সমন্বয়টা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই ধরনের তিন ব্যাটসম্যানকে ওপরের দিকে খেলানো কতটা যুক্তিযুক্ত, এ আলোচনা নিশ্চয়ই চলবে বিশ্বকাপেও।

এশিয়া কাপ থেকে ভারতকে নতুন করে ভাবতে হচ্ছে ডেথ ওভারের বোলিং নিয়েও। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও ব্যবহারের পরিকল্পনা ছিল দলটার। কিন্তু এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজে ভুবনেশ্বরের ডেথ ওভারের বোলিংয়ের কারণে ভারতকে ম্যাচ হারতে হয়েছে। চোটের কারণে যশপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল এশিয়া কাপ খেলতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে দুজনই খেলায় ফিরেছেন। তবে বুমরা আবার চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।

ভারতীয় বোলিংয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি চাহালের বলেও আগের সেই ধার নেই। মাঝের ওভারে ভারত অনেকটাই নির্ভরশীল তাঁর লেগ স্পিনের ওপর। অস্ট্রেলিয়ার বিশাল বাউন্ডারির মাঠগুলোতে চাহালেই আস্থা রাখতে চাইবে ভারত। কিন্তু ফর্ম ও আত্মবিশ্বাসহীন এক চাহালকেই আজকাল ভারতীয় জার্সিতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে সেই বুদ্ধিদীপ্ত চাহালকেই দেখতে চাইবে ভারত।

সূচি

সুপার টুয়েলভ

২৩ অক্টোবর  বেলা ২টা       মেলবোর্ন       পাকিস্তান

২৭ অক্টোবর   বেলা ১টা       সিডনি          এ ২

৩০ অক্টোবর  বিকেল ৫টা    পার্থ              দক্ষিণ আফ্রিকা

০২ নভেম্বর    বেলা ২টা       অ্যাডিলেড     বাংলাদেশ

০৬ নভেম্বর    বেলা ২টা       মেলবোর্ন       বি ১

৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৫০ ছাড়ায় ভারতীয় ব্যাটসম্যানরা। ১টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি।
৩৬২.৫০
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ ছাড়ানো ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ রান।  
৩১৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান ভারতের বিরাট কোহলির। ২০১৪ সালে বাংলাদেশে।