আউট হয়ে মাঠ ছেড়েছিলেন, এরপর ফিরে এসে দলকে জেতালেন

৭৮ রান করেছেন জনসন চার্লসসিপিএল

ভুল করে আউট দেওয়া ক্রিকেটে নতুন কিছু নয়। এমন ঘটনায় কেউ হতাশ হন, কেউ প্রতিবাদ করেন, আবার কেউ মেনে নিয়ে চুপচাপ মাঠ ছাড়েন। কী আর করার, ক্রিকেটে আম্পায়ারের কথাই তো শেষ কথা!

তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন এক ঘটনা ঘটেছে, যা শুধু বিতর্কই তৈরি করেনি, ম্যাচের ফলেও বড় প্রভাব ফেলেছে। আউট হয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাটিংয়ে ফিরে এসে শেষ পর্যন্ত নিজের দলকে জিতিয়েছেন জনসন চার্লস।

ঘটনাটি ঘটে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও বার্বাডোজ ট্রাইডেন্টসের ম্যাচে। বার্বাডোজের হয়ে খেলা চার্লস ম্যাচের চতুর্থ ওভারে র‍্যামন সিমন্সের করা একটি হাই ফুল টসে ক্যাচ দিয়ে আউট হন। মাঠের আম্পায়াররা তখন নো বল ডাকেননি।

ফলে চার্লস স্বাভাবিকভাবেই মাঠ ছাড়েন। তখন তাঁর নামের পাশে ছিল ১৫ বলে ২৬ রান।

চার্লস মাঠ ছাড়ার পরই শুরু হয় বিতর্ক। গ্যালারির দর্শকের পাশাপাশি প্যাট্রিয়টসের টিম ম্যানেজমেন্টও সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে। পরে বিষয়টি টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়। টিভি আম্পায়ার কার্ল টাকেট রিপ্লে দেখে জানান, সিমন্সের বলটি নো বল ছিল। ফলে মাঠের আম্পায়ার ক্রিস রাইট ও জাহিদ বাসারাথের দেওয়া আউটের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

তবে ততক্ষণে চার্লস মাঠ ছেড়ে চলে গেছেন। আইন অনুযায়ী, কোনো ব্যাটসম্যান মাঠ ছাড়ার পর আম্পায়ার তাঁকে ভুল সিদ্ধান্তের কারণে ফিরিয়ে আনতে পারেন না। আইন অনুযায়ী, আম্পায়ার যদি মনে করেন, ব্যাটসম্যানকে ভুলভাবে আউট দেওয়া হয়েছে, তাহলে তাঁকে মাঠ ছাড়ার আগে ডাকতে হবে।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাদারফোর্ডরা
সিপিএল

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ট্রাইডেন্টস অধিনায়ক ক্রিস গ্রিন। মূল ক্যাচটি নেওয়া শেরফানে রাদারফোর্ডও আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা দুজনই আম্পায়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে একবার সিদ্ধান্ত বদলের পর সেটি আর পরিবর্তন করা হয়নি।

এরপর সেই নো বল থেকে পাওয়া ফ্রি–হিটেই ছক্কা হাঁকান চার্লস। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ২৬ রান করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত থামেন ৪৫ বলে ৭৮ রানে। তাঁর ব্যাটে ট্রাইডেন্টসের দেওয়া ২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পাঁচ বল হাতে রেখেই জয় তুলে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ৭৮ রান করে ম্যাচসেরা হন চার্লস।

আরও পড়ুন