ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন পরিবর্তন এসেছে ভারত ও শ্রীলঙ্কা দলে। চোটের কারণে ভারতের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার হর্ষিত রানা। শ্রীলঙ্কার পেসার ঈশান মালিঙ্গাও চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। হর্ষিতের জায়গায় ভারত দলে নিয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে।
মালিঙ্গার বদলে বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছে বাঁহাতি পেসার প্রমোদ মাদুশানের।
রানা চোটে পড়েছেন ভারতের প্রস্তুতি ম্যাচে। গত বুধবার নাবি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান। সেই ম্যাচে রানা মাত্র এক ওভার বোলিং করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তাঁকে হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়।
কাল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, রানার অবস্থা ভালো নয়। তিনি বলেন, ‘ওকে ফিজিওরা পরীক্ষা করছে। তবে দেখতে ভালো লাগছে না, অবস্থা খুব একটা ভালো নয়।’পরে রানার ছিটকে যাওয়ার খবর এক বিবৃতিতে জানায় বিসিসিআই।
রানার পরিবর্তে দলে জায়গা পাওয়া সিরাজ সর্বশেষ ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি খেলেছেন ১৬টি ম্যাচ, নিয়েছেন ১৪ উইকেট, ইকোনমি রেট ৭.৭৯। যদিও আইপিএলে তাঁর অভিজ্ঞতা অনেক বেশি, মোট ১৬০টি টি-টুয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ১৮৩ উইকেট, ইকোনমি রেট ৮.২৫।
রানা শেষের দিকে ব্যাটিংটা ভালোই করতেন। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে একটি ফিফটিও পেয়েছেন। এই ব্যাটিংটা ইনিংসের শেষ দিকে মিস করবে ভারত। ভারত তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আজ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
অন্যদিকে মালিঙ্গা চোট পেয়েছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। দ্বিতীয় টি-টুয়েন্টিতে কাঁধে চোট পান।
২০২৫ আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে মালিঙ্গা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিলেন। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট, যদিও তাঁর ইকোনমি রেট ছিল ৯.৪১।
মালিঙ্গা বদলি প্রমোদ মাদুশানও খেলেছেন ৮টি টি-টোয়েন্টি ম্যাচ। শ্রীলঙ্কা দলে তাঁর অভিষেক ২০২২ সালে এবং সর্বশেষ এই সংস্করণে খেলেন ২০২৩ সালে। মাদুশানের ঝুলিতে আছে ১২টি উইকেট, ইকোনমি রেট তুলনামূলক ভালো—৮.৬৩।
শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে, কলম্বোতে। তারা রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে শ্রীলঙ্কার অন্য প্রতিপক্ষ ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে।