আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ যাচ্ছেন নাজমুল
দেড় বছর পর টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়ে নাজমুল হোসেন গিয়েছিলেন আইচি-নাগোয়া এশিয়ান গেমসে। কিন্তু জ্বরের কারণে কোনো ম্যাচ না খেলেই তিনি দেশে ফিরে আসেন। এরপর তাঁর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত ১ অক্টোবর টেস্ট দল দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়ে গেলেও তাদের সঙ্গী হননি নাজমুল। তবে শঙ্কা কাটিয়ে অবশেষে দলে যোগ দিচ্ছেন টেস্ট অধিনায়ক। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আজ সন্ধ্যায় দুবাইয়ে রওনা হচ্ছেন নাজমুল।
জাপানে জ্বরে আক্রান্ত হওয়ার পর বেশ ভুগতে হয়েছিল নাজমুলকে। ধারণা করা হচ্ছিল, ডেঙ্গু হয়ে থাকতে পারে। তবে দেশে ফিরে সুস্থ হয়েছেন দ্রুতই। একাধিক পরীক্ষা-নিরীক্ষার গতকাল রাতে তিনি মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছেন। এরই মধ্যে গতকাল ও আজ সকালে মিরপুরে একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি।
আবুধাবিতে গিয়ে দুই দিন প্রস্তুতির সময় পাবেন নাজমুল। ৯ অক্টোবর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাঁকে ছাড়াই টেস্ট দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।