ভারতকে ধবলধোলাই করে মাটিতে নামাল ‘পুঁচকে’ আয়ারল্যান্ড

সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১ রানে হারিয়েছে আয়ারল্যান্ডআয়ারল্যান্ড ক্রিকেট

টানা দুবারের টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন তারা, একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ জেতায় রেকর্ডও হয়ে গেছে বেশ আগেই। টি-টুয়েন্টির মহা-প্রতাপশালী সেই ভারতকে এবার মাটিতে নামিয়ে আনল ‘পুঁচকে’ আয়ারল্যান্ড।

বেলফাস্টে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে আইরিশরা।

আয়ারল্যান্ডের কাছে এই হারে ভারতের টানা ১৬ টি-টুয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড থেমেছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এর আগে টানা সিরিজ জয়ের কীর্তি ছিল পাকিস্তানের, টানা ১১টি (২০১৬-১৮)। ভারত বেশ আগে সেটি ছাড়িয়ে গেলেও এবার টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১১ নম্বর দলের কাছে আটকে গেছে।

আজ বেলফাস্টে  প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান করে আয়ারল্যান্ড। রান তাড়ায় ভারত ৯ উইকেটে ১৫৩ রানে আটকে যায়। শেষ ওভারে দরকার ছিল ২০ রান, শেষ বলে প্রিন্স যাদব ছক্কা মারার পরও এক রানে পিছিয়ে থাকে দলটি।

এর আগে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত হেরেছিল ৩৪ রানের বড় ব্যবধানে।

আইরিশদের সিরিজ জয়ের আনন্দ
আয়ারল্যান্ড ক্রিকেট

এবারের সিরিজের আগে ভারতের বিপক্ষে আটটি টি-টুয়েন্টি খেলে সব কটিতে হেরেছিল আয়ারল্যান্ড। এমনকি এই সিরিজের দলে থাকা কোনো বোলারেরই ভারতের বিপক্ষে কোনো উইকেট ছিল না।

আরও পড়ুন

উল্টো দিকে ভারত এই সফরে যাওয়ার আগে সর্বশেষ তিন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে খেলেছিল ২৫৬, ২৫৩ ও ২৫৫ রানের ইনিংস। সেই দলটিই আইরিশদের মাটিতে টানা দুই ম্যাচে দেড় শর আশপাশে আটকে সিরিজে হেরেছে। ২০২৩ সালের আগস্টের পর এই প্রথম টানা দুই টি–টুয়েন্টি হারল ভারত (সে বার হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে)।

এই সিরিজ দিয়ে প্রথমবার ভারতের জাতীয় দলে ডাক পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে কোনো ম্যাচেই তাঁকে নামানো হয়নি।

আরও পড়ুন