ইংল্যান্ড কি ছক্কা মারতে ভুলে গিয়েছিল

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুকএএফপি

চেস্টার-লি-স্ট্রিটে গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানে জিতেছে ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের স্কোর কার্ড দেখে কেউ কেউ অবাক হতে পারেন। ছক্কা নেই!

ইংলিশ ব্যাটসম্যানরা যে মেজাজে সাদা বলের ক্রিকেট খেলেন, তার সঙ্গে ব্যাপারটা বেমানান। সর্বশেষ পাঁচ বছরের কথা ধরুন। ওয়ানডেতে এ সময়ে ন্যূনতম ৪০০ ছক্কা মারা ৬ দলের মধ্যে ইংল্যান্ড (৬৬ ম্যাচে ৪৩১ ছক্কা) সবচেয়ে কম ম্যাচ খেলেছে। আরও দুই বছর পিছিয়ে গেলে মানে সাত বছর (১ জানুয়ারি, ২০১৯ থেকে)—তাহলে দেখা যাচ্ছে, এ সময়ে ন্যূনতম ৬০০ ছক্কা মারা তিনটি দলের মধ্যেও ইংল্যান্ডই (১০৬ ম্যাচে ৬৭৭ ছক্কা) সবচেয়ে কম ম্যাচ খেলা দল।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেজাজে ছক্কার যে একটা বিশেষ অবস্থান আছে, সেটা বোঝাতে এই তথ্যগুলো দেওয়া।

সেই মেজাজের আবার দুটি ভাগ—আগে অথবা পরে ব্যাটিং। সেখানে দেখা যাচ্ছে, আগে ব্যাটিং করলে ইংলিশ ব্যাটসম্যানদের মেজাজ চড়া থাকে বেশি। যেমন ধরুন, ওয়ানডেতে সর্বশেষ পাঁচ বছরে আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ছক্কা মারা দল ইংল্যান্ড (৩১০)। আরও দুটি বছর পিছিয়ে গেলে দেখা যাচ্ছে, এ সময়ে আগে ব্যাট করে সর্বোচ্চ ছক্কা মারায় ইংল্যান্ডের (৪৩১) চেয়ে এগিয়ে শুধু ভারত (৪৩৪)। অর্থাৎ এই সংস্করণের ম্যাচে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের কাছ থেকে ছক্কাবাজি দেখাই স্বাভাবিক।

কিন্তু চেস্টার-লি-স্ট্রিটে অস্বাভাবিক ঘটনাটাই ঘটল। আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ইনিংসে কেউ একটি ছক্কাও মারেননি কিংবা মারতে পারেননি! ঘটনাটা কত বিরল সেটা বলছে পরিসংখ্যান।

প্রথম আলো গ্রাফিকস

২০১৯ সালের ২ মার্চ সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে আগে ব্যাট করে ১১৩ রানে অলআউট হয়েছিল এউইন মরগানের ইংল্যান্ড। সেই ইনিংসেও ছক্কার মার ছিল না। কিন্তু তারপর কী হলো কে জানে, গতকাল রাতের ম্যাচের আগপর্যন্ত এই ৭ বছরে ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড প্রতিটি ইনিংসেই ছক্কা মেরেছে। পারল না শুধু, চেস্টার-লি-স্ট্রিটে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৫ রান তোলা ইনিংসে।

আরও পড়ুন

২০১৯ সালের ৩ মার্চ থেকে হিসাব কষলে দেখা যাচ্ছে, ওয়ানডেতে এ সময়ে আগে ব্যাট (৫৩ ম্যাচ) করে ৪০৭টি ছক্কা মেরেছে ইংল্যান্ড। শুধু ভারত (৪১৮) তাদের চেয়ে এগিয়ে। অবশ্য ভারত এ সময়ে ইংল্যান্ডের চেয়ে ৫টি ম্যাচ বেশি খেলেছে।

ছক্কাহীন প্রথম ওয়ানডের ব্যাটিং নিশ্চয়ই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের নজরে পড়েছে। অবশ্য ম্যাচ এমনিতেই জিতে গেলে ছক্কা মারার কী দরকার! তবে প্রথম ওয়ানডের পরিস্থিতি এমন ছিল না।

প্রথম আলো গ্রাফিকস

ইংল্যান্ড ২৬৫ রান তোলার পর স্বাগতিকদের জিতিয়েছেন বোলাররা। শ্রীলঙ্কার ১৭৬ রানে অলআউট হওয়ার পেছনে বড় অবদান ২২ রানে ৫ উইকেট নেওয়া স্পিনার উইল জ্যাকসের। ওয়ানডেতে এটা ইংলিশ স্পিনারদের মধ্যে দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ১৯৮৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেন জ্যাকসের মতোই অফ স্পিনার ভিক মার্কস।

হেডিংলিতে আগামীকাল দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন