- তৃতীয় টি–টুয়েন্টির লাইভ ব্লগে স্বাগত
- টস
- একাদশ
- তানজিদ আউট!
- তানজিদের পর এবার সাইফ
- রানও হচ্ছে না
- নুরুলও আউট
- শামীম আউট শূন্য রানে
- রিশাদও ফিরলেন, ৬ উইকেট নেই
- বাংলাদেশের ১০৯
- অস্ট্রেলিয়ার ঝোড়ো শুরু
- প্রথম উইকেট
- ফিরলেন মার্শও
- কনোলিকে ফেরালেন রিশাদ
- ৭ উইকেটে হারল বাংলাদেশ
তৃতীয় টি–টুয়েন্টির লাইভ ব্লগে স্বাগত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া। কিছুক্ষণের মধ্যেই হবে টস। খেলা শুরু হবে দুইটায়।
এই ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ ও তথ্য–পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলোর লাইভ ব্লগে।
প্রথম টি–টুয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি–টুয়েন্টিতে ৭ রানে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
টস
টসে জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।
একাদশ
সিরিজের শেষ ম্যাচে তিনটি বদল এনেছে বাংলাদেশ। সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার নেই আজ, তাদের জায়গা নিয়েছেন নুরুল হাসান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। নুরুল ও তাসকিন এই সিরিজে মাঠে নামছেন প্রথমবার, শরীফুল খেলেছেন প্রথম ম্যাচে।
আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তনই আনেনি অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।
তানজিদ আউট!
আগের ওভারের শেষ বলে বাউন্ডারি এসেছিল তাঁর ব্যাট থেকে। নন স্ট্রাইকে এসে তানজিদ দুটি বল ডট দিতে দেখেছেন সাইফ হাসানকে। তৃতীয় বলে নন স্ট্রাইক প্রান্তে থেকেই আউটও হয়ে গেলেন!
জনসনের বলটা সোজা খেলেছিলেন সাইফ। বলটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। তানজিদ তখন ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসেছেন। রান আউট হয়ে যান তিনি।
তানজিদের পর এবার সাইফ
আউট হয়ে গেছেন সাইফও। জনসনের ওভারের পঞ্চম বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু দুর্বল শটটা ক্যাচ হিসেবে গেছে মার্শের হাতে।
বাংলাদেশ : ২ ওভারে ৭/২
রানও হচ্ছে না
দুই ওপেনারকে হারানোর পর বাংলাদেশ বিপদে পড়েছিল বেশ। ফিরেছেন পারভেজ হোসেনও। শুধু উইকেট হারানো নয়, বাংলাদেশ রীতিমতো ভয়াবহ একটা শুরুই করেছে। ৫ ওভারে বাংলাদেশের রান কি না মাত্র ১১!
দুই ওপেনার ফেরার পর শেষ ৩ ওভারে বাংলাদেশ করেছে মাত্র ৪ রান। নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেওয়া পারভেজ আউট হয়েছেন ১৩ বলে মাত্র ১ রান করে। হৃদয় ৬ বলে ৩ রান করে অপরাজিত আছেন। উইকেটে এসেছেন নুরুল হাসান।
তিনি এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মেরেছেন। নুরুলের এই চারে ২৫ বল পর কোনো বাউন্ডারি পেল বাংলাদেশ।
নুরুলও আউট
পাওয়ার প্লের শেষ ওভারে দুটি বাউন্ডারিতে আসায় রানটা একটু বেড়েছিল। না হলে ৫ ওভারে বাংলাদেশের রান ছিল মাত্র ১১। সেখান থেকে নুরুল ও হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু এবার আউট হয়ে গেছেন নুরুলও। অ্যাডাম জাম্পার নিচু হওয়া বলে বোল্ড হয়েছেন ৮ বলে ৬ রান করা এই ব্যাটসম্যান।
শামীম আউট শূন্য রানে
বাংলাদেশ: ৯ ওভারে ৩৭/৫
খালি হাতে ফিরলেন শামীমও। স্পেনসার জনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
রিশাদও ফিরলেন, ৬ উইকেট নেই
২০ বলে ২৬ রানের জুটিও ভেঙে গেল। নিখিল চৌধুরীর বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন রিশাদ হোসেন। ৬২ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের, এখনও ৮ ওভার বাকি আছে।
বাংলাদেশের ১০৯
৫ ওভারে ১১ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিনই ছিল বাংলাদেশের। সেটি তারা শেষ পর্যন্ত পারেওনি। একা হাতে লড়াইটা করে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর ৫১ বলে ৬১ রানের কল্যাণেই এক শ পার করেছে বাংলাদেশ।
পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১০৯ রান।
অস্ট্রেলিয়ার ঝোড়ো শুরু
লক্ষ্যটা খুব অল্প রানের। কিন্তু অস্ট্রেলিয়ার শুরুটা দেখে মনে হচ্ছে, তাঁরা বেশিক্ষণ অপেক্ষা করতে চাইছে না। ৩ ওভারেই তারা তুলে ফেলেছে ২৮ রান।
প্রথম উইকেট
জস ইংলিস আউট। অস্ট্রেলিয়া ৫৫ রান তুলে ফেলার পর বাংলাদেশ পেল তাদের প্রথম উইকেট। নাসুম আহমেদের বলে তাঁর ক্যাচ নিয়েছেন শামীম হোসেন।
ফিরলেন মার্শও
অস্ট্রেলিয়া: ৮.২ ওভারে ৮৮/২। লক্ষ্য: ১১০।
জয় থেকে ২২ রান দূরে থাকতে দ্বিতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। শরীফুলের বলে সুইপার কাভারে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ান অধিনায়ক মাত্র ২৮ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও সাতটি চার।
কনোলিকে ফেরালেন রিশাদ
ম্যাচের শেষ দিকে তৃতীয় উইকেটও পেল বাংলাদেশ। রিশাদের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন কুপার কনোলি (১৩ বলে ১৫ রান)।
অস্ট্রেলিয়া: ১০.৩ ওভারে ১০০/৩।
৭ উইকেটে হারল বাংলাদেশ
৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
১১তম ওভারের তৃতীয় বলে রিশাদের বলে আউট হন কুপার কনোলি। নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন টিম ডেভিড। চতুর্থ আর ষষ্ঠ বলে দুই ছক্কায় ম্যাচের সমাপ্তি টেনেছেন তিনি।
বাংলাদেশের ১০৯ রান অস্ট্রেলিয়া পেরিয়ে গেল ১১ ওভারে ৩ উইকেট হারিয়েই। ৭ উইকেটে ম্যাচ জয়ের পাশাপাশি ৩–০ ব্যবধানে সিরিজও জিতেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৮ (হৃদয় ৬১*, রিশাদ ১৬, শরীফুল ৭; জনসন ২/৬, এলিস ২/২১)। অস্ট্রেলিয়া: ১১ ওভারে ১১২/৩ (মার্শ ৬০, ইংলিস ১৭; নাসুম ১/১০, রিশাদ ১/২২)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য সিরিজ: ম্যাট রেন শ।