লাবুশেন–খাজার ফিফটির দিনে খেলল আলোকসস্বল্পতাও
দুই আম্পায়ার ডিন এলগারকে জিজ্ঞেস করলেন স্পিনার দিয়ে বোলিং করাবেন কি না। ঠিক আগের বলটিতে গতির ঝড় তুলে (ঘণ্টা ১৪৬ কিমি) মারনাস লাবুশেনকে তুলে নিয়েছেন আনরিখ নরকিয়া। মেঘলা আকাশের নিচে পেসারদের একেকটা ডেলিভারি হয়ে উঠছে ছোবল। এমন সময়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্পিনার আনবেন কেন?
পেস বোলিং চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আলো পাচ্ছিলেন না আম্পায়াররাও। খেলা তাই ওখানেই শেষ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হাজির হওয়া ত্রিশ হাজার দর্শক দেখলেন, বৃষ্টি না থাকার পরও দ্বিতীয় সেশনে খেলা বন্ধ করে মাঠ ছেড়ে যাচ্ছেন দুই দলের খেলোয়াড়।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলাও শেষ হয়ে গেল ওখানেই। প্রতিকূল আবহাওয়ার আগে ৪৭ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১২১ বলে ৫৪ রান করে অপরাজিত উসমান খাজা।
প্রথম দুই ম্যাচে সিরিজ ২-০ করে ফেলা অস্ট্রেলিয়া এই ম্যাচে নেমেছে তিন পরিবর্তন নিয়ে। চোটের কারণে বাদ পড়া ক্যামেরন গ্রিন আর মিচেল স্টার্কের জায়গায় নেওয়া হয় অ্যাস্টন অ্যাগার ও ম্যাট রেনশকে। স্কট বোল্যান্ডের জায়গায় ফেরেন জস হ্যাজলউড। প্রথম দুজনের মধ্যে অ্যাগার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। রেনশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন শেষবার ২০১৮ সালে।
দুজনের কাউকেই অবশ্য প্রথম দিনে মাঠে নামতে হয়নি। করোনা আক্রান্ত রেনশকেও পড়তে হয়নি বাড়তি ঝামেলায়।
টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা এই ওপেনার দিনের চতুর্থ ওভারেই নরকিয়ার বলে স্লিপে ক্যাচ দেন।
১২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে এরপর টেনে নিয়ে যায় লাবুশেন-খাজা জুটি। দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে আলোকস্বল্পতায় খেলা বন্ধের আগে দুজনই তুলে নেন ফিফটি।
নরকিয়ার কাঁধঘেঁষা বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫১ বলে ৭৯ রান করে যান লাবুশেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেওয়ার পথে ২৬ রান দেন নরকিয়া।