টেস্ট কখনো হয়নি, অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের ভেন্যুতে আর কী খেলা হয়েছে

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছেন তিন পেসারপ্রথম আলো

ডারউইন টেস্ট জিতে বাংলাদেশ ইতিহাস গড়ে ফেলেছে। এখন তাদের সামনে হাতছানি আরও বড় কিছুর। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টও জিতলে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় সিরিজই জিতে যাবে।

এমন ম্যাচটা যে মাঠে হবে, সেটির সামনেও একটা বড় উপলক্ষই আছে। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। ম্যাকাইয়ের এই মাঠ নিয়ে বাংলাদেশের যেমন কোনো অভিজ্ঞতা নেই, অস্ট্রেলিয়ার জন্যও কিন্তু তা খুব বেশি নয়।

২০২৫ সালে ম্যাকাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। যার একটি জিতেছে তারা আর অন্যটিতে হেরেছে। এই দুটি ম্যাচ ছাড়া এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি অস্ট্রেলিয়া। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচই হয়েছে দুটি।

টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাওয়া গ্রেট ব্যারিয়ার রিফ খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচেরও স্বাগতিক ছিল না। ১৯৯৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিল কুইন্সল্যান্ড।

পরের প্রথম শ্রেণির ম্যাচের জন্য ২০ বছর অপেক্ষা ছিল এই মাঠের। শেফিল্ড শিল্ডে দুটি ম্যাচই হয়েছে এরপর। এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। তার একটি আবার ছিল গোলাপি বলের দিবা-রাত্রির ম্যাচ।

এই মাঠে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে ২০২৪ সালের অক্টোবরে। ডান হাতি পেসার ব্রেন্ডন ডগেটের ১৫ রানে ৬ উইকেটে ভর করে ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটিতে সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ‘এ’। এবার টেস্ট দিয়ে আবার প্রথম শ্রেণির ক্রিকেট ফিরছে ম্যাকাইতে।

একটা মজার ব্যাপারও আছে, ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি সেঞ্চুরি করা ম্যাট রেনশ অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন আজ। প্রথম টেস্টের দলে না থাকলেও জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে দলে নেওয়া হয়েছে তাঁকে।

২০২৩ সালে ভিক্টোরিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের হয়ে ১৩৫ রান করেন রেনশ, এর আগে ২০১৫ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে করেন ১৭০ রান। এখন ম্যাকাইয়ের প্রথম টেস্টে খেলার সুযোগও মিলছে তাঁর।

আরও পড়ুন