প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘গ্রিন ক্যাপ’ দেবে বিসিবি
টেস্ট ক্রিকেটে ব্যাপারটা রীতি। অভিষেক টেস্টে পাওয়া সবুজ ক্যাপটাকে স্মৃতি হিসেবে রেখে দেন ক্রিকেটাররা। বাংলাদেশের মুশফিকুর রহিম তো ২০ বছরের টেস্ট ক্যারিয়ার পার করেও এখনও পরেন সেই পুরোনো ক্যাপই। তাঁর ধূসর ক্যাপে যেন ফুটে উঠে দীর্ঘ অভিজ্ঞতার ছাপ।
বিশেষ মর্যাদার এই ‘গ্রিন ক্যাপ’ এবার দেওয়া শুরু হবে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটেও। জাতীয় ক্রিকেট লিগের আগামী মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘গ্রিন ক্যাপ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে এ নিয়ে বলেছেন, ‘আমরা প্রথম শ্রেণির ক্রিকেটটা ঢেলে সাজাতে চাচ্ছি। এটার অংশ হিসেবেই এই মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের গ্রিন ক্যাপ দেওয়া হবে।’
তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে, সময় সূচিতেও আনা হচ্ছে কিছু পরিবর্তন। এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেছেন বিসিবির কর্মকর্তারা। এই সপ্তাহেই ঘরোয়া ক্রিকেটের নতুন সূচি চূড়ান্ত হওয়ার কথা।
নতুন সূচিতেও আগের মতোই জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মৌসুম শুরু হবে। মূল টুর্নামেন্টের শুরুর সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে সূচিতে নতুন যোগ হওয়া এনসিএলের মাইনর লিগও। সভাপতি হওয়ার পরই তামিম জানিয়েছিলেন, ইংলিশ কাউন্টি ক্রিকেটের মতো জাতীয় লিগেও প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি মাইনর লিগ হবে।
এছাড়া এবারের এনসিএলের মান বাড়াতে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে চায় বিসিবি। এ নিয়ে কয়েকটি বোর্ডের সঙ্গে বিসিবি যোগাযোগ শুরু করেছে বলে জানান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।
নিয়মিত সূচির বাইরে এ বছর আরও একটি নতুন টুর্নামেন্টও আয়োজনের চিন্তা করছে বিসিবি। অনূর্ধ্ব–২৩ ক্রিকেটারদের নিয়ে হবে রাইজিং টাইগার্স টুর্নামেন্ট হবে। এ বছরই এইচপি ভেঙে অনূর্ধ্ব–২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই দলের ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে রাইজিং টাইগার্স টুর্নামেন্ট।