চন্দ্রগ্রহণে অনুশীলনে অমঙ্গল হবে ভেবে যা করলেন সূর্যকুমাররা
টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে কোনো রকম চেষ্টাই বাদ রাখছে না ভারত। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচামরার ম্যাচ জিতে তাঁরা সেমিফাইনালে উঠেছে। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দলে সবাইকে চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে। সাবেকরা প্রেরণাদায়ী কথা বলছেন অফ ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে। আর সূর্যকুমার যাদবের দল করছে নিজেদের কাজটাই—অনুশীলন। ম্যাচের আগে যেটা স্বাভাবিক। তবে এ অনুশীলনেও অমঙ্গলের বিষয়টি মাথায় রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
কীভাবে? শুনে একটু অবাক লাগতেই পারে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচ সামনে রেখে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলনে নামার কথা ছিল ভারত ক্রিকেট দলের। কিন্তু সেদিন বিকেল ৫টা ৩০ মিনিটে এ অনুশীলন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ? চন্দ্রগ্রহণ।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল চন্দ্রগ্রহণ শুরু হয় বেলা ৩টা ২০ মিনিটে এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। ভারতে চাঁদ দেখা যাওয়ার সময় ছিল সন্ধ্যা ৬টা ২৬ মিনিট থেকে, আর সর্বোচ্চ দৃশ্যমানতা ছিল ৬টা ৩৩ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণত ম্যাচের দুই দিন আগে সন্ধ্যা ৬টায় অনুশীলন করার যে সূচি ছিল, সে সময়সূচি অনুযায়ী সূর্যকুমাররা অনুশীলনের পরিকল্পনা করেছিলেন। পরে সময় পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ? বিশ্বাস করা হয়, চন্দ্রগ্রহণের সময় কোনো কাজ করা উচিত নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সূত্রের ভাষ্য, ‘চন্দ্রগ্রহণ থাকায় দল মনে করেছে, এ সময় কোনো কাজ করা থেকে বিরত থাকা উচিত। যেহেতু আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, তাই ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছে তারা। অনেকেই মনে করেছেন, অনুশীলন ৬টা ৪০ মিনিটের পর শুরু করা উচিত। পরে টিম ম্যানেজমেন্টও এতে সম্মত হয় এবং এক ঘণ্টা অনুশীলন পিছিয়ে দেওয়া হয়।’
অনুশীলন শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের কিছু পরে। প্রথমে ফিল্ডিং অনুশীলন করেন খেলোয়াড়েরা। এরপর চলে নেটে ব্যাটিং অনুশীলন। দুই ঘণ্টার বেশি সময় ব্যাটিং অনুশীলন করেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের অধিনায়ক সূর্যকুমারও দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ভারতের অনুশীলন শেষ হয়।