দুটি জয় বাতিল হলো মালয়েশিয়ার, ছিটকে গেল এশিয়ান কাপ থেকে
২০২৭ এশিয়ান কাপে ওঠার দৌড় থেকে ছিটকে পড়েছে মালয়েশিয়া। বাছাইপর্বে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে তাদের দুটি জয় বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির অভিযোগ, মালয়েশিয়ার জাতীয় দলে এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যাঁরা দেশটির প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। অর্থাৎ এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যাঁরা মালয়েশিয়া জাতীয় দলে খেলার অযোগ্য।
বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে মালয়েশিয়ার ৩-০ গোলের জয় দুটি এএফসির শাস্তিমূলক রায়ে বাতিল করা হয়েছে। এতে ‘এফ’ গ্রুপে মালয়েশিয়া শীর্ষে থাকা ভিয়েতনামের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে। আর একটি করে ম্যাচ খেলবে এই গ্রুপের মোট চারটি দল। অর্থাৎ গ্রুপের শীর্ষস্থান নিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার কোনো সুযোগ নেই মালয়েশিয়ার। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভিয়েতনাম টিকিট কেটেছে এশিয়ান কাপের।
মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫০ হাজার ডলার জরিমানাও করেছে এএফসি। ৩০ দিনের মধ্যে এই জরিমানা শোধ করতে হবে। মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে। সেখানে তারা লিখেছে, এএফসির অফিশিয়াল কাগজপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে।
এর আগে এ মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) ফিফার দেওয়া শাস্তি আংশিক বহাল রাখে। ভুয়া নাগরিকত্বের নথি ব্যবহার করে মালয়েশিয়ার হয়ে খেলা সাত ফুটবলারকে ১২ মাসের জন্য শুধু অফিশিয়াল ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেন আদালত।
সিএএস জানিয়েছে, ফিফার আরোপ করা ৩ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (৪ লাখ ৪৪ হাজার ২৭৫ ডলার) জরিমানাও দিতে হবে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে।
স্পেনের ক্লাব দেপোর্তিভো আলাভেসের সেন্টার ব্যাক ফাকুন্দো গারসেস নিষিদ্ধ হওয়া সেই সাত খেলোয়াড়ের একজন। গত সেপ্টেম্বরে তাঁদের এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। তদন্তে উঠে আসে, ভুয়া কাগজপত্র ব্যবহার করে তাঁদের মালয়েশিয়ার হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে খেলানো হয়েছিল।