নাকভিকে এবার আর এড়াতে পারবে না ভারত

টানা দুটি এশিয়া কাপ ফাইনালে জেতার পর নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতএএফপি

এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ২০২৫ সালে পুরুষদের; আর এ বছর নারীদের এশিয়া কাপে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে এশিয়ান গেমসে এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের সামনে বিকল্প থাকবে না। কারণ, এশিয়ান গেমস কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা আইসিসির টুর্নামেন্ট নয়, এটি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) আয়োজন।

ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছে, এশিয়ান গেমসে পদক বিতরণের দায়িত্বে নাকভিকে মনোনীত না করার জন্য ওসিএকে আগাম অনুরোধ জানাতে পারবে না ভারত। নাকভি যদি পদক বিতরণের দায়িত্ব পান, ভারতীয় ক্রীড়াবিদদের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে পদক গ্রহণ করতে হবে।

জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসে ক্রিকেটের নারী ও পুরুষ দুই ইভেন্টেই অংশ নিচ্ছে ভারত। গত সপ্তাহে এশিয়া কাপ জেতা হারমানপ্রীত কৌরের দল এবং এ বছর টি–টুয়েন্টি বিশ্বকাপ জেতা শ্রেয়াস আইয়ারদের দলকে সোনাজয়ে সবচেয়ে ফেবারিট ধরা হচ্ছে।

এশিয়ান গেমসে ক্রিকেটের ফোকাল পয়েন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে হিসেবে পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সংস্থার প্রেসিডেন্ট নাকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বলে তাঁর কাছ থেকে পরপর দুটি এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত।  ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপ ফাইনালে নাকভি থাকলে ভারত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। অন্য কাউকে দিয়ে পুরস্কার দিতে বললেও এসিসি প্রধান হিসেবে নাকভি তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন

এবার এশিয়ান গেমসের পদক বিতরণের বেলায়ও ভারতের দিক থেকে নাকভিকে এড়িয়ে যাওয়ার কথা জানানো হবে কি না, এমন প্রসঙ্গে আইওএর একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলে, ‘ভারত ওসিএকে নাকভিকে মনোনীত না করার অনুরোধ জানাতে পারে না। কারণ, এটি এশিয়ান গেমস, আইসিসি বা দ্বিপক্ষীয় কোনো টুর্নামেন্ট নয়। আইওএ বা বিসিসিআই কেউই ওসিএর কাছে এমন অনুরোধ জানাতে পারে না কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বেছে নিতে বা বাদ দিতেও বলতে পারে না। আগেভাগে এ ধরনের অনুরোধ করা সম্ভব নয়। পরিস্থিতি তৈরি হলে তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে শুধু ওসিএ।’

এশিয়ান গেমস ক্রিকেটে নাকভিই পদক বিতরণ থাকবেন কি না, এখন পর্যন্ত স্পষ্ট নয়। তাঁর পাশাপাশি আইসিসির চেয়ারম্যান জয় শাহকেও ডাকতে পারে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। সংস্থাটির ম্যানুয়াল ও গাইডলাইন অনুযায়ী, পদক বিতরণের দায়িত্ব ওসিএ সভাপতির।

বর্তমানে কাতারের শেখ জোয়ান বিন হামাদ আল থানি এই পদে আছেন। তবে তিনি ওসিএর অন্য সদস্যদের সেই দায়িত্ব দিতে পারেন। সংশ্লিষ্ট আন্তর্জাতিক বা এশীয় ফেডারেশনের সভাপতি কিংবা সহসভাপতি উপস্থিত থাকলে তাঁদেরও দায়িত্ব দেওয়া যেতে পারে। অর্থাৎ, ওসিএ সভাপতি চাইলে নাকভিকেও পদক বিতরণের দায়িত্ব দিতে পারেন।

আরও পড়ুন