টি-টুয়েন্টিতে দুবার ৬ উইকেট, সাকিবদের ক্লাবে উসামা
ইনিংসে ৫ উইকেট পাওয়াটা ক্রিকেটে বড়সড় কীর্তি। ব্যাটিং-দাপটের টি-টুয়েন্টিতে যার মাহাত্ম্য হয়তো আরও বেশি। আর কোনো বোলার যদি ইনিংসে ৬ উইকেট পান, সেটিও আবার একাধিকবার, তবে সেটি তো বিরল কীর্তিই। আর সেই কীর্তিতে এবার নাম লিখিয়েছেন উসামা মির।
পাকিস্তানের এই লেগ স্পিনার ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে মাত্র ৮ রানে ৬ উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার লাহোর ব্লুজের বিপক্ষে শিয়ালকোটের হয়ে উসামা এই কীর্তি গড়েন। ৩০ বছর বয়সী উসামার ৮ রানে ৬ উইকেট পাকিস্তানের মাটিতে কোনো বোলারের সেরা। তিনি ছাপিয়ে গেছেন ২০২৩ সালে মোহাম্মদ ইমরানের ১৫ রানে ৬ উইকেটকে।
তবে উসামা সম্ভবত সবচেয়ে বেশি খুশি হবেন টি-টুয়েন্টিতে দুবার ৬ উইকেট নেওয়া বোলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে। এর আগে ২০২৪ পিএসএলে মুলতানের হয়ে তিনি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪০ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এর আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে একাধিকবার ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র তিনজনের, যার মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।
২০১৩ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলা সাকিব ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
একই বছর সিলেটে বিজয় দিবস টি-টুয়েন্টিতে প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে ৬ উইকেট নেন ১৮ রানে। টি-টুয়েন্টিতে দুবার ৬ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সাকিব দ্বিতীয়। প্রথমজন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
এই রহস্য স্পিনারের দুটি ৬ উইকেটই আন্তর্জাতিক ম্যাচে। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৬ আর পরের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
অজন্তা মেন্ডিস ও সাকিবের পর এই তালিকায় তৃতীয় বোলার ভারতের আরজান নাগওয়াসওয়ালা। বাঁহাতি এ পেসার ২০২১ সালে মহারাষ্ট্রের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দুই বছর পর রেলওয়ের বিপক্ষে নেন ১৩ রানে ৬ উইকেট।