পাঁচ বছর পর লিগে জামালের গোল

জামাল ভূঁইয়াপ্রথম আলো

বাংলাদেশ ফুটবল লিগে পাঁচ বছর পর গোল পেলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে গোল করেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে তিনি গোল পেলেও জয় পায়নি তাঁর দল ব্রাদার্স। ম্যাচ শেষ হয়েছে ২–২ ড্রয়ে।

২০২১ সালে ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে সর্বশেষ লিগ গোল করেছিলেন জামাল। পাঁচ বছর পর আবার লিগে গোল করে এই প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা হলো পাঁচটি।

রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই ব্রাদার্সকে এগিয়ে দেন জামাল। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন তিনি। তবে ১০ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে ২–২ সমতায় ফেরান। এরপর আর কোনো দল গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠেছে রহমতগঞ্জ। দুই পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৩–১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের ম্যাচে আবাহনীর হয়ে গোল করেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্টনি ওকাচি ও মোহাম্মদ আল আমিন। চট্টগ্রাম সিটির একমাত্র গোলটি করেন রাফায়েল ওডোইন। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ছয়বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনী।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে। ৩০ মিনিটে রব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে সমতা ফেরান সমর জয়। ড্র করেও অবশ্য শীর্ষ স্থান ধরে রেখেছে পুলিশ। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার একে আছে দলটি।

আরও পড়ুন