বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ার আশঙ্কা ছিল গতকাল থেকেই। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হলো না বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। একইভাবে আজ অপর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা–নেপাল ম্যাচও পরিত্যক্ত হয়।
টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই খবরটি জানানো হয় ক্রিকইনফোর লাইভে।
নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ পরিত্যক্ত হলো এবং এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও হয়নি। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই ভেসে গেল বৃষ্টিতে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিটন দাসের দলের অবশ্য কোনো ক্ষতি হয়নি। উল্টো মাঠে না নেমেই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। টি–টুয়েন্টিতে শ্রেয়তর র্যাঙ্কিংয়ের সুবাদে মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চারে উঠলেন লিটনরা।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে লিটনদের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিন অপর সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।
এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টিতে যেভাবে ম্যাচ ভেসে যাচ্ছে, তাতে সেমিফাইনাল নিয়ে এরই মধ্যে একটু দুশ্চিন্তায় পড়তে পারে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে লিটনদের ফাইনালে ওঠার সুযোগ থাকবে না। কারণ, তখন র্যাঙ্কিংয়ে শ্রেয়তর অবস্থানের সুবাদে পাকিস্তানই উঠবে ফাইনালে।