শ্রীলঙ্কাকে উড়িয়ে সোনার পদক ধরে রাখল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে দারুণ খেলেছে ভারতএএফপি

টস জিতে ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেই তাঁদের লক্ষ্যটা বোঝা গিয়েছিল—বড় একটা স্কোর গড়ে শ্রীলঙ্কার খেলাটা কঠিন করে তোলা!

জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ঘটলও ঠিক তা–ই। ভারতের মেয়েরা আগে ব্যাট করে তুলল ৩ উইকেটে ২১৬। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। শ্রীলঙ্কার মেয়েরাও টি–টুয়েন্টিতে কখনো ১৭৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। ফাইনালে সোনা জয়ের এ লড়াইয়ে ভারতের ইনিংসের পরই তাই ফলটা অনেকে আন্দাজ করে নিয়েছিলেন।

চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা অবিশ্বাস্য কিছু করে সবার আন্দাজ করে নেওয়া সেই ফলটাও পাল্টাতে পারেনি। উল্টো ৯.১ ওভারে ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখনই ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৪৭ রানের বড় ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো আতাপাত্তুর দলকে। আর ভারত? হাংজুতে ২০২২ এশিয়ান গেমস ক্রিকেটে জেতা সোনার পদকটা জাপানেও ধরে রাখল হারমনপ্রীত কৌরের দল।

ফিফটি তুলে নেওয়ার পথে রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা
এএফপি

শুধু কি তা–ই, এ ম্যাচ থেকে টি–টুয়েন্টিতে নিজেদের ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় জয়ও তুলে নিল ভারতের মেয়েরা। আগের রেকর্ড ২০১৮ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানে। আর শ্রীলঙ্কা পুরো দল মিলেও ভারতের ওপেনার স্মৃতি মান্ধানার (৭৯) রান পাড়ি দিতে পারেনি। রানের হিসাবে টি–টুয়েন্টিতে এটাই সবচেয়ে বড় হার শ্রীলঙ্কার মেয়েদের।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এ নিয়ে দুটি সোনা জিতল ভারত। রুপা কিংবা ব্রোঞ্জ কখনো জেতেনি তারা। এর আগে আগে আজ ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারায় পাকিস্তান।

ভারতকে দুই শর ওপাশে নিয়ে যাওয়ার ভিতটা গড়ে দেন দুই ওপেনার। ১০ ওভারে ৯৯ রানের জুটি গড়ে আউট হন ২৯ বলে ৪৮ রান করা শেফালি বর্মা। ৩টি ছক্কা ও ৩ চারে ইনিংসটি সাজান। ইনিংসটি খেলার পথে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন শেফালি। মেয়েদের টি–টুয়েন্টিতে এ বছরই ৮২৪ রানের রেকর্ড গড়েন ভলভার্ট। তাঁর সমান ২৪ ইনিংসে শেফালির রানসংখ্যা ৮৬৩।

আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৭৯ রান। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে ১১ হাজার রানের মাইলফলকের দেখা পান স্মৃতি। ব্যাটিংয়ে নামার আগে মাইলফলকটির দেখা পেতে তাঁর দরকার ছিল ১৩ রান।

ব্যাটিংয়ে ভালো করতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা
এএফপি

ভারতের ইনিংসটি দারুণভাবে শেষ করার পেছনে অবদান রিচা ঘোষের। ফুলমালির সঙ্গে ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৩ ছক্কা ও ৬ চারে ২২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন রিচা।

আরও পড়ুন

শ্রীলঙ্কার মেয়েরা তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে তোলে ২ উইকেটে ৪১। পরের চার ওভারে ১১ রান তুলতে হারায় আরও ৪ উইকেট। ১০ ওভারে শ্রীলঙ্কা ৫২ রানে ৬ উইকেট হারানোর পর আসলে তাদের হারটা অনিবার্য হয়ে পড়েছিল। অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৯ রান। ৬ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার দীপ্তি শর্মা। ২টি করে উইকেট শ্রী চরণী, শেফালি ও শ্রেয়াঙ্কা পাতিলের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১৬/৩ (স্মৃতি ৭৯, রিচা ৪৯, শেফালি ৪৮, হারমনপ্রীত ১৯; চামুদি ১/৩৪, কাভিশা ১/৩৫, সুগান্দিকা ১/৩৭)।

শ্রীলঙ্কা: ১৫.৪ ওভারে ৬৯ (আতাপাত্তু ২৯, কৌশিনী ১৪, কাভিশা ১১; দীপ্তি ৩/৬, শেফালি ২/৩, শ্রেয়াঙ্কা ২/৯)।

ফল: ভারত ১৪৭ রানে জয়ী।