কিউই–স্বপ্নে বাধা লঙ্কা আর বৃষ্টি 

উইকেট দেখে কী ভাবছেন উইলিয়ামসনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার ম্যাচ জিতে উড়ছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার হারে নেমে এসেছে মাটিতে। আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে না পারলে তো কিউইদের বিশ্বকাপ স্বপ্নের ‘কবর’ই রচিত হয়ে যেতে পারে।

অবশ্য বেঙ্গালুরুতে আজ জিতলেই যে গত দুইবারের রানার্সআপরা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে এমন নয়। তবে আগেই শেষ চারের স্বপ্ন বিসর্জন দেওয়া লঙ্কানদের হারাতে পারলে সেমিফাইনালে ওঠার পথে মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাজটাকে কঠিন করে দেবে কেইন উইলিয়ামসনের দল।

অবশ্য শুধুই শ্রীলঙ্কা নয়, কিউইদের স্বপ্নে জল ঢালতে পারে বৃষ্টিও। এই বেঙ্গালুরুতেই ছয় দিন আগে পাকিস্তানের কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস আইনে হেরেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন

আজও আছে বৃষ্টির পূর্বাভাস। সেই বৃষ্টি যদি আজ পুরো ম্যাচই ভাসিয়ে নিয়ে যায়, তবে ভাগ্য আর নিজেদের হাতে থাকবে না নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে পাকিস্তান কিংবা আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের ওপরে চলে যাবে।

গতকাল অনুশীলনে শ্রীলঙ্কা দল
ছবি: এএফপি

আবহাওয়ার মতিগতিতে যেহেতু কারও হাত নেই, কিউইরা ভাবছে শুধু মাঠের ক্রিকেট নিয়েই। দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন কাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অনেক কিছুইই আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, আবহাওয়া তার একটি। আপনি বলেছেন কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে, অবচেতন মনে এটা কাজ করতে পারে। কিন্তু দিন শেষে আমাদের দৃষ্টি ক্রিকেটেই থাকবে, সব মনোযোগ ও শক্তি সেখানেই দিতে চাই।’

আরও পড়ুন

নিউজিল্যান্ড আজ মাঠে নামাতে পারে লকি ফার্গুসনকে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচটি খেলতে পারেননি এই ফাস্ট বোলার। দলে ঢুকতে টিম সাউদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাঁকে। অলরাউন্ডার কাইল জেমিসনও থাকতে পারেন একাদশে।

কিউইরা তাকিয়ে থাকবে কেইন উইলিয়ামসনের দিকে
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা মাঠে নামাতে পারে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশকেই। দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ বললেন সেরা খেলাটাই খেলতে চায় তাঁর দল, ‘আমাদের জিততে হবে ম্যাচটা। আশা করছি ছেলেরা মাথা উঁচু রেখে সেরা খেলাটাই খেলবে আগামীকাল (আজ)।’

আরও পড়ুন