‘ভালোমতো খেলো’, তাসকিনকে প্রধানমন্ত্রী
এ বছরের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠান হয়েছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পেয়েছেন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠান শেষে উচ্ছ্বসিত তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’
পুরস্কার তুলে দেওয়ার সময় তাসকিনকে প্রধানমন্ত্রী কিছু একটা বলছিলেন। স্বল্প সময়ের সেই আলাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল যেন ভালো খেলে, সেই পরামর্শও দিয়েছেন।
তাসকিনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আসলে জিজ্ঞাসা করছিলেন, সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।’
তাসকিন কদিন আগেই জিম-আফ্রো টি–টেন লিগে খেলে দেশে ফিরেছেন। বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন।
জিম্বাবুয়েতে খেলা সেই টুর্নামেন্টে খেলার সুবিধার কথাটা তাসকিনের মুখেই শুনুন, ‘আসলে যেকোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলেই আত্মবিশ্বাস বাড়ে। আশা করি, এই আত্মবিশ্বাসটাও কাজে লাগবে। টি–টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল, যা সামনের খেলায় কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।’