বিসিবি সভাপতি তামিমকে আইসিসির স্বীকৃতি, হলেন কমিটির প্রধানও
আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। গত মাসে পরিচালনা পর্ষদের নির্বাচনের পর চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবালকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আইসিসিও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ মাসের শুরুতে স্কটল্যান্ডে আইসিসির সভাতেও যোগ দিয়েছিলেন তামিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দুটি সাব কমিটি গঠন করার কথাও জানিয়েছে আইসিসি। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে।
তামিম ইকবালের সঙ্গে এই কমিটিতে আছেন আইসিসিতে ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
এ ছাড়া গভর্ন্যান্স রিভিউ কমিটির প্রধান করা হয়েছে দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে তাঁর সঙ্গে আছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে, ও আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ।
আইসিসির সভায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১২.৮২ মিলিয়ন ডলার ঋণ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। অনেক দিন ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছিল ওয়েস্ট ইন্ডিজ। সভায় মরিশাসকে আইসিসির ১১১তম সদস্যপদ দেওয়া হয়েছে।
ক্রিকেট কানাডার ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। ওদিকে গঠনতন্ত্র সংশোধনের কাজ এগিয়ে নিলেও নির্বাচনের আগ পর্যন্ত আইসিসির সভায় অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি, সভায় এমন সিদ্ধান্তও হয়েছে।