বাবর ফেরায় ইতিবাচক পাকিস্তান, বাংলাদেশ বলছে ‘কোথায় আঘাত করতে হবে জানি’

মিরপুরে প্রথম টেস্টের অনুশীলনে বাবর আজম, শেষ পর্যন্ত চোটে ম্যাচটি তাঁর খেলা হয়নিপ্রথম আলো

সরফরাজ আহমেদের সংবাদ সম্মেলনে সেটিই ছিল প্রথম প্রশ্ন। বাবর আজম কি খেলবেন? উত্তর হ্যাঁ হওয়ার পরই সঙ্গে সঙ্গে চলে আসে ওই জিজ্ঞাসাও, কার জায়গায়? এবার পাকিস্তানের কোচ বললেন, ‘একাদশ টসের পর পেয়ে যাবেন!’

মিরপুর টেস্টের আগের দিন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বাবর। ওই ম্যাচের সময়ই সেরে ওঠা বাবরের সিলেটে খেলাটা নিশ্চিত। তাঁর জায়গায় ওই ম্যাচ খেলা আবদুল্লাহ ফজল ভালো করেছেন, তাঁকে বাদ দেওয়াটা কঠিন। ইমাম–উল–হককে বাদ দিয়ে তাই আজ পাকিস্তানের ওপেনিংয়ে দেখা যেতে পারে শান মাসুদকে।

বাবর ফিরলেও অবশ্য পাকিস্তানের খুব একটা স্বস্তি নেই। টেস্টে সর্বশেষ আট ইনিংসে তাঁর ফিফটি কেবল একটি। সাদা বলের ক্রিকেটে অবশ্য ভালো সময়ই কাটছে। ওয়ানডেতে এক ম্যাচ আগেই সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ শুরুর তিন দিন আগে শেষ হওয়া পিএসএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, ওই টুর্নামেন্টে করেছিলেন দুটি সেঞ্চুরিও।

সংবাদ সম্মেলনে সরফরাজ আহমেদ
শামসুল হক

ওই আত্মবিশ্বাসেই বাবরের ফেরায় ইতিবাচকতা খুঁজছেন সরফরাজ, ‘এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। সে পিএসএলে যেভাবে খেলেছে, দেখে মনে হয়েছে টেকনিক্যালি খুবই শক্তিশালী ও মানসিকভাবে সতেজ আছে। তাঁকে পাওয়ায় আমরা খুশি।’

বাবর ফর্মে থাকুন বা না থাকুন, পাকিস্তান ক্রিকেটের জন্য তিনি বড় নাম। বাংলাদেশের বিপক্ষেও ৫ টেস্টের ৮ ইনিংসে ৪৩.৭১ গড়ে রান আছে তাঁর, আছে একটি সেঞ্চুরিও। তাঁর ফেরায় বাংলাদেশ কি একটু চাপে পড়বে?

আরও পড়ুন

আজ সংবাদ সম্মেলনে মুশফিক একরকম উড়িয়েই দিয়েছেন তা, ‘আমরা যখন দুইটা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সে দুইটা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল। আমরা জানি কোথায় তাকে আঘাত করতে হবে। পরিকল্পনা আছে, সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমরা তাকেও চাপে ফেলতে পারব এবং পুরো দলকে চাপে ফেলতে পারব।’

পাকিস্তান অবশ্য এমনিতেই চাপে আছে বেশ। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ হারের পর মিরপুর টেস্টেও তারা হেরেছে। বাংলাদেশের বিপক্ষে টানা হারে সমালোচনাও হচ্ছে বেশ। সেটি কাটিয়ে উঠে সিলেটে ভালো করতে হবে তাদের।

এ নিয়ে আত্মবিশ্বাসী সরফরাজ, ‘দল হিসেবে প্রথম ম্যাচ হেরে আমরা অবশ্যই হতাশ। কিন্তু অতীত তো অতীতই। আমরা পরের ম্যাচ নিয়ে আশাবাদী। ইনশা আল্লাহ এই ম্যাচে দল হিসেবে আমরা ফিরে আসব।’

আরও পড়ুন