ইডেনে হ্যারি ব্রুকদের টিকে থাকার লড়াই, সামনে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড
ইডেন গার্ডেনের গোধূলি কি আজ ইংল্যান্ডের জন্য বিষাদমাখা কোনো সুর নিয়ে আসবে? নাকি ঐতিহাসিক এই মাঠেই ঘুরে দাঁড়াবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা?
উত্তরটা পাওয়া যাবে আজ সন্ধ্যায়। টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর সমীকরণ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে কাগজে-কলমে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ডের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ওদিকে স্কটল্যান্ডের চোখে রোমাঞ্চকর এক স্বপ্ন।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। তবে এই লড়াইটা স্রেফ দুই প্রতিবেশীর নয়; বিশ্বকাপে টিকে থাকারও।
পয়েন্ট তালিকায় দুই দল
টুর্নামেন্ট শুরুর আগে যারা ছিল অন্যতম ফেবারিট, সেই ইংল্যান্ড এখন পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে চার নম্বরে। রানরেট শূন্যের নিচের দিকে। নেপালের বিপক্ষে ঘামঝরানো জয় আর ওয়েস্ট ইন্ডিজের কাছে স্রেফ উড়ে যাওয়া—হ্যারি ব্রুকসের দলের শরীরী ভাষায় যেন আত্মবিশ্বাসের অভাব। ব্যাটিংয়ে কখনো অতি-সাবধানতা, কখনো আবার অহেতুক তাড়াহুড়ো; ছন্দটা ঠিক খুঁজে পাচ্ছে না তারা।
অন্যদিকে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা স্কটল্যান্ড আছে ফুরফুরে মেজাজে। দুই ম্যাচে তাদেরও ২ পয়েন্ট, তবে রানরেট ইংল্যান্ডের চেয়ে বেশ স্বাস্থ্যকর (+০.৯৫)। ইতালির বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে আজ তারা নামবে বড় শিকারের খোঁজে।
‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকা
মাঠ, উইকেট ও কৌশল
ইডেনে এটি চলতি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচেই এখানে জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল। পরিসংখ্যান বলছে, ২০২১ সাল থেকে এই মাঠে টি-টুয়েন্টিতে আগে ব্যাটিং করা দল ৫-২ ব্যবধানে এগিয়ে। ফলে টস জিতলে ব্যাটিং নিতে দুবার ভাববেন না কোনো অধিনায়কই।
স্কটল্যান্ডের জন্য বড় সুবিধা হলো এখানকার কন্ডিশন তাদের চেনা। আগের দুটি ম্যাচই তারা এই মাঠে খেলেছে। বড় স্কোর গড়ে বোলারদের ওপর ভরসা রাখা—এটাই সম্ভবত হতে যাচ্ছে আজকের মূলমন্ত্র।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
পুরানো হিসাব-নিকাশও স্কটল্যান্ডকে সাহস দিচ্ছে। ২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হওয়ার আগে ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেলেছিল স্কটিশরা। সেই দলের অনেকেই এবারও আছেন। তাই হামিশ রাদারফোর্ডদের মনে হতেই পারে, অসমাপ্ত কাজটা এবার শেষ করার মোক্ষম সুযোগ।
কেমন একাদশ হতে পারে
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে লুক উডের জায়গায় জেমি ওভারটনকে খেলিয়েছিল ইংল্যান্ড। তবে বাড়তি গতির জন্য আজ আবারও উডকে ফেরানোর কথা ভাবতে পারে ইংলিশ ম্যানেজমেন্ট। আবার স্কটল্যান্ডের সামনে আছে স্পিন–সমীকরণ। চলতি বিশ্বকাপে স্পিনের বিপক্ষে ১০টি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এই দুর্বলতাকে পুঁজি করতে ক্রিস গ্রিভসকে আজ একাদশে নিতে পারে স্কটল্যান্ড।
কী বলছেন দুই অধিনায়ক
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক অবশ্য স্পিন-ভীতি উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ‘শ্রীলঙ্কা সিরিজেই আমরা প্রমাণ করেছি স্পিন ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা পরপর অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিলাম আর কিছুটা বেশি সাবধানী ছিলাম।’
ওদিকে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন, ‘ওয়ানডেতে ওদের হারানোর অভিজ্ঞতা আমাদের আছে। টি-টুয়েন্টিতে গত বিশ্বকাপে বৃষ্টির কারণে খেলা শেষ হয়নি। আমরা আজ আমাদের কাজের দিকেই মনোযোগ দেব।’