হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলমেটটা ধীরে ধীরে খুলে ব্যাটের আগায় রাখা, এরপর তা উঁচিয়ে ধরে উদ্‌যাপন—দৃশ্যটা গত কয়েক দিনে একটু পরিচিতই হয়ে গেছে। জোহানেসবার্গে তাওহিদ হৃদয় গতকাল আরও একবার এ রকম উদ্‌যাপনের উপলক্ষ তৈরি করলেন। বিপর্যয়ের সময়ে ব্যাটিংয়ে নেমে লিখলেন টেস্টে আরও একটি অবিশ্বাস্য ইনিংসের গল্প।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা তাতে বাংলাদেশ এমন এক জায়গায় শেষ করল, যা সকালের আধঘণ্টার পর কল্পনা করাও কঠিন ছিল। ৬ উইকেটে ৩২৭ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে–বাইরে মিলিয়েই টেস্টে কখনো এত রান করতে পারেনি তারা। দিনটা বাংলাদেশের জন্য আরও সুন্দর হতো মার্কো ইয়ানসেনের করা দিনের শেষ বলে হৃদয় এলবডিব্লু না হলে। হতাশাটা যে হৃদয়েরই বেশি, ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর হেলমেট ছুড়ে মারা দেখেই তা বোঝা গেছে।

তবু টেস্টের প্রথম দিন শেষে সন্তুষ্টই থাকার কথা বাংলাদেশের। নতুন বলে কাগিসো রাবাদার গতি আর বাউন্সে শুরুতে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থাই ছিল বাংলাদেশের। দিনের প্রথম বলেই অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম আউট হয়ে যান স্লিপে ক্যাচ দিয়ে, এক ওভার পর মুমিনুল হকও ক্যাচ দেন উইকেটের পেছনে। এই ক্ষত শুকানোর আগেই নাজমুল হোসেনের স্টাম্প উপড়ে ফেলেন রাবাদা।

অভিষিক্ত মাহফিজুল শূন্য রানে ফিরেছিলেন প্রথম বলেই
এএফপি

২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বোলারদের গতি আর সুইং সামলাতে হৃদয় তখন অফ স্টাম্পের দিকে সরে এলেন প্রায় প্রতি বলে। তাতে এলবিডব্লু হওয়ার ঝুঁকিও কমে গেল ইম্প্যাক্ট বাইরে থাকায়। কয়েকবার এলবিডব্লুর আবেদন করেও তাই আর উইকেটের খোঁজ পায়নি দক্ষিণ আফ্রিকার বোলাররা। শেষ পর্যন্ত এলবিডব্লু হয়েই বিদায় নিয়েছেন হৃদয়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা কতটা কঠিন, তা বোঝা যায় ওপেনার তানজিদ ও হৃদয়ের ভেঙে দেওয়া একটা রেকর্ডেই। প্রায় ২৪ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের করা ৮৪ রান। সেই রেকর্ড গতকাল ভাঙেন হৃদয় ও তানজিদ।

শুরুর বিপর্যয়ের পর তাঁদের ব্যাটে আশা রেখেই বাংলাদেশ মধ্যাহ্ন বিরতিতে যায়। বিরতির পর দক্ষিণ আফ্রিকা আবার ফিরিয়ে আনে রাবাদাকে। শুরুতে তাঁর বিরুদ্ধে কিছুটা এলোমেলো থাকলেও সময়ের সঙ্গে গুছিয়ে নেন হৃদয় ও তানজিদ। কিন্তু স্পেলের পঞ্চম ওভারে এসে উইকেট পেয়ে যান রাবাদা।  

৬৭ রান করা তানজিদ তাঁর বাউন্সার স্টাম্পে টেনে এনে বোল্ড হন, হৃদয়ের সঙ্গে তাঁর জুটি থামে ৯৯ রানে। পরের বলেই মুশফিকুর রহিমও স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো রাবাদাই বাংলাদেশের প্রথম ৫টি উইকেট নেন। আবারও ভেঙে পড়ার শঙ্কা জাগে বাংলাদেশের ব্যাটিংয়ে।

হৃদয়ের সঙ্গে ২০৬ রানের জুটি গড়েছেন লিটন
এএফপি

কিন্তু হৃদয়ের সঙ্গে এবার সেটি ঠেকিয়ে দেন লিটন দাস। ততক্ষণে পুরোনো হয়ে আসা বলে দুজন শট খেলতেও দ্বিধা করেননি। তাদের জুটি এক শ পেরোয় ১৪০ বলে। হৃদয় ফিফটি পেয়ে যান এর আগেই।
৭১ বলে ৮ চারে ফিফটি পেরোন লিটন দাসও। পুল, সুইপ, কাটে তাঁর ব্যাট মুগ্ধতা ছড়িয়ে যায় আরও একবার। আরেক প্রান্তে তখন ধৈর্যের পরীক্ষা, টেকটিক্যাল মুভমেন্ট আর দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে মনস্তাত্ত্বিক লড়াই জিতে একটু একটু করে দলের রান এগিয়ে নেন হৃদয়।

দিনের শেষ বেলায় এসে মাহমুদুল হাসানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরিও পেয়ে যান তিনি। শুধু এটুকুতেই থেমে থাকেননি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানানো হৃদয় এখন মাহমুদুলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও।

টেস্টে গতকালই তিনি মাত্র ৭ ইনিংসে টেস্টে পাঁচ শ রানও পেরিয়ে গেছেন। তাঁর চেয়ে দ্রুত পাঁচ শ রানের রেকর্ড টেস্ট ইতিহাসেই আছে কেবল আর ৯ জনের। এমন অবিশ্বাস্য ইনিংসের পর তিনি আউট হয়ে গেলেও এখনো ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস। হৃদয় ও লিটনের ২০৬ রানের এই জুটি এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে–বাইরে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ।

দিনের শেষে সম্প্রচারকদের মুখোমুখি হয়ে লিটন বলেছেন, প্রক্রিয়া মেনে ব্যাটিং করে রানের চাকা সচল রাখাই লক্ষ্য ছিল তাঁর আর হৃদয়ের। তাতে যে তাঁরা সফলও, সেটি নিয়ে কোনো সংশয় নেই।

আরও পড়ুন