ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ গিফট, স্ত্রীরা পাবেন কী
গত রোজার ঈদে চালু হয়েছে রীতিটা, যেটি এবারও থাকছে। আর তা ঈদের বেশ আগেই ঈদের আমেজ নিয়ে এসেছে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে। বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা, উপহার পাবেন তাঁদের স্ত্রীরাও।
উদ্যোগটা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। এর উদ্দেশ্য ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্কটাকে আরও উষ্ণ করে তোলা। বিসিবি–ক্রিকেটার আর তাদের পরিবারের সদস্যরা মিলে যে আসলে শেষ পর্যন্ত একটাই বৃহৎ পরিবার, সেই অনুভূতি ছড়িয়ে দেওয়া।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এরই মধ্যে ঈদ–উপহার সংস্কৃতির ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’
গতবার উপহারের প্রথম বছরে অবশ্য স্ত্রীদের আনন্দ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিকেটারদের। সেবার যে শুধু তাদের স্ত্রীদেরই ঈদ উপহার হিসেবে সালোয়ার–কামিজ পাঠিয়েছিল বিসিবি, ক্রিকেটারদের জন্য কিছু নয়!
তবে এই ঈদে আর কাউকেই মন খারাপ করে থাকতে হবে না। গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার এবং তাঁদের সহধর্মিণীদের নামে। এ ছাড়া গত এক বছরের কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও ২০ জনের জন্যও থাকছে একই উপহার।
তা ঈদ উপহার হিসেবে কী পাচ্ছেন ক্রিকেটাররা? পাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা–পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম আর তাসকিন আহমেদ জুনায়েদ জামশেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
বাদ যাবে না ক্রিকেটারদের সন্তানেরাও। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স। সব মিলিয়ে ঈদ উপহারে বিসিবির বাজেট সাড়ে ৪ লাখ টাকার মতো।