আফিফ–লিটনকে ফিরিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। তাঁর সঙ্গে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডের হোম সিরিজের দলে নেওয়া হয়েছে লিটন দাসকেও। ১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডেতে খেলেছেন আফিফ। ৩৪ ওয়ানডের ক্যারিয়ারে ২৭.৭৯ গড়ে তাঁর রান ৬৬৭। লম্বা সময় মাঠের বাইরে থাকা এই বাঁহাতি ওপেনার সর্বশেষ বিসিএল ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন একটি। ওই সেঞ্চুরিসহ অবশ্য ৩ ম্যাচে তাঁর রান ১২৮।
বিসিবির দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে আফিফকে ফেরানোর ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আমরা মিডল অর্ডারে বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ কেউ জায়গা নিশ্চিত করার মতো পারফর্ম করতে পারেনি। সে জন্য আফিফ হোসেনকে আবার দলে ডাকা হয়েছে। সে দলে মূল্যবান অভিজ্ঞতা যোগ করবে।’
গত বছর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন লিটন। সর্বশেষ ৬ ওয়ানডের চারটিতে শূন্য রানে আউট হওয়ার পর দল থেকে বাদ পড়েন তিনি। লিটনকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে নিজের খেলায় উন্নতির জন্য কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সে খুব শিগগির এই ফরম্যাটে তার সেরাটা উপহার দিতে পারবে। মিডল অর্ডারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাকে বিবেচনা করা হচ্ছে।’
৯৫ ওয়ানডের ক্যারিয়ারে ওপেনিং ও ৩ নম্বরের বাইরে ১০টি ম্যাচ খেলেছেন লিটন, কখনো ব্যাটিং করেননি পাঁচের নিচে। সর্বশেষ বিসিএল ওয়ানডেতে ব্যাট করেছেন ৩ ও ৪ নম্বরে। টুর্নামেন্টে লিটনের ফিফটি একটি।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের দল থেকে ছয়জন বাদ পড়েছেন এবারের সিরিজে। লিটন–আফিফদের জায়গা দিতে বাদ পড়েছেন তিন মিডল অর্ডার ব্যাটসম্যান—জাকের আলী, শামীম হোসেন আর নুরুল হাসান। আগের সিরিজে থাকা স্পিনার নাসুম আহমেদও নেই এবার।
দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান চোট কাটিয়ে ওঠেননি এখনো। হাসানের টেনিস এলবো ও তানজিম ভুগছেন পিঠের ব্যথায়। পাকিস্তান সিরিজে না থাকা এই দুই পেসার এ মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিসিবির।
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
দলে ফিরলেন: লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম
বাদ পড়েছেন: জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ
চোটের কারণে নেই: তানজিম হাসান, হাসান মাহমুদ