সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন, খেলছেন না জ্বরে ভোগা মিরাজও

ম্যাচের আগের ওয়ার্ম আপে লিটনবিসিবি

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এবং আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহর সঙ্গে গতকাল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অধিনায়ক হিসেবে সিরিজের আগে করেছেন সংবাদ সম্মেলনও। অথচ সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলছেন না লিটন দাস। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ–অধিনায়ক তাওহীদ হৃদয়।

শুধু আজ নয়, নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে তাঁর অধিনায়কত্ব শুরু করার কথা ছিল।

টসের সময় সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়ই প্রথম জানান চোটের কারণে ম্যাচটা খেলছেন না লিটন। একটু পর এল আরও বড় দুঃসংবাদ। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, চোটের কারণে এই সিরিজেই খেলা হবে না লিটনের।

বায়েজীদ বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি।’

শুধু লিটনের চোটটা নতুন, বাংলাদেশের অসুস্থতার সমস্যা আছে আগে থেকেই। তিন দিন ধরে জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। গত দুই দিন তিনি অনুশীলনও করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁরও। পরের ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন