মোস্তাফিজদের দলের মালিকানায় রিয়াল তারকা বেলিংহাম

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামরয়টার্স

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি দল বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দলটির ছোট অংশের অংশীদারত্ব কিনেছেন তিনি, যার আর্থিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা)।

গত ১২ মার্চ এ টুর্নামেন্টের ২০২৬ সালের সংস্করণের জন্য নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে কেনে বার্মিংহাম ফিনিক্স। টি-টুয়েন্টি হিসেবে স্বীকৃত ‘দ্য হানড্রেড’–এ এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। অর্থাৎ প্রথমবারেই বেলিংহামের ক্লাবে খেলবেন তিনি। আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের নতুন মৌসুম।

বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিকানাধীন মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘নাইটহেড ক্যাপিটাল’ গত বছর বার্মিংহাম ফিনিক্স ফ্র্যাঞ্চাইজির ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল। এর ফলে তারা স্বাগতিক কাউন্টি ওয়ারউইকশায়ারের সঙ্গে দলটির সহমালিকানায় আসে। আজ বুধবার সকালে ওয়ারউইকশায়ার এক বিবৃতিতে জানিয়েছে, বার্মিংহামে বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম এই দুই পক্ষের কাছ থেকেই সামান্য অংশীদারত্ব কিনে নিয়েছেন।

বেলিংহাম ফ্র্যাঞ্চাইজি দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন। এর অর্ধেক এসেছে ওয়ারউইকশায়ার এবং বাকি অর্ধেক নাইটহেডের কাছ থেকে। ফলে দলটির ৫০.৪ শতাংশ শেয়ারের মালিক হিসেবে ওয়ারউইকশায়ার তাদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। নাইটহেড ক্যাপিটাল ৪৮.৪ শতাংশ শেয়ারের মালিক।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান
প্রথম আলো

পেছনের গল্প

বেলিংহামের কেনা এই অংশীদারত্বের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ পাউন্ড। ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটিতে তাদের ৫১ শতাংশ মালিকানার ‘ন্যায্যমূল্য’ ধরা হয়েছে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। মূলত নাইটহেডের প্রাথমিক বিনিয়োগের খরচ এবং সংখ্যাগরিষ্ঠ অংশীদারত্বের জন্য প্রযোজ্য বাড়তি মূল্যের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়েছে।

বেলিংহামের ক্যারিয়ার শুরু হয়েছিল বার্মিংহাম সিটির একাডেমিতে। মাত্র ৮ বছর বয়সে ক্লাবটির বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার পর ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল দলে তাঁর অভিষেক। বার্মিংহামে এক মৌসুম খেলার পর প্রায় ২ কোটি ২৭ লাখ পাউন্ডে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। এরপর ২০২৩ সালে রিয়ালে যোগ দেন ৮ কোটি ৮০ লাখ পাউন্ড ফিতে।

আরও পড়ুন

বেলিংহামের জন্ম স্টোরব্রিজে এবং পড়াশোনা করেছেন এজবাস্টন এলাকার প্রায়োরি স্কুলে। কৈশোরে হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র ক্রিকেট খেলা এই ফুটবলার আজীবনই ক্রিকেটের ভক্ত। চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে বেলিংহাম বলেছিলেন, এক দিনের জন্য যদি অন্য কোনো খেলার অ্যাথলেটের সঙ্গে নিজের পেশা অদলবদল করার সুযোগ পান, তবে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেই বেছে নেবেন।

বেলিংহাম যা বললেন

বার্মিংহাম ফিনিক্সের অংশীদারত্বে আসার পর বিবৃতিতে বেলিংহাম বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি। গোটা শহর আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটও খুব ভালোবাসি। তাই যখনই (মালিকানায়) যুক্ত হওয়ার সুযোগ পেলাম, দ্বিতীয়বার ভাবিনি। এই যাত্রায় সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

নিজের শহর ও ক্লাবের প্রতি আবেগ প্রকাশ করে বেলিংহাম যোগ করেন, ‘আমি বার্মিংহাম, স্টোরব্রিজ এবং পুরো ওয়েস্ট মিডল্যান্ডসের কাছে কৃতজ্ঞ। বার্মিংহাম সিটির মাধ্যমেই আমি ফুটবল ও জীবনের সেরা শিক্ষা পেয়েছি। আমার মনে হয়, এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে। ফুটবলের ব্যস্ততায় বর্তমানে সময় বের করা কঠিন, তবে যদি কোনোভাবে সাহায্য করার সুযোগ থাকে, আমি তা করতে চাই। আমার কাছে মনে হয়েছে, এটি (বিনিয়োগ) একটি ভালো মাধ্যম।’

বেলিংহাম আরও বলেন, ‘আমি মনে করি, শহরের শিশুদের বাইরে গিয়ে খেলাধুলায় অংশ নেওয়াটা খুব জরুরি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে ভিন্ন ভিন্ন পথও আছে। কেউ ফুটবল পছন্দ করবে, কেউ হয়তো ক্রিকেট...আমি ভাগ্যবান যে বড় হওয়ার সময় সামনে ক্রিকেট ও ফুটবল—দুটি পথ খোলা ছিল। কিন্তু অনেক শিশুর সেই সুযোগ থাকে না। যদি এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে শিশুদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দিতে পারি, তবে তা হবে আরও দারুণ একটি ব্যাপার।’

আরও পড়ুন

কীভাবে অনুমতি পেলেন বেলিংহাম

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত বছর জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশীদারত্ব বিক্রির পর নতুন বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছরের একটি ‘লক-ইন পিরিয়ড’ বা নির্দিষ্ট সময় পর্যন্ত মালিকানা ধরে রাখার বাধ্যবাধকতা থাকবে। তবে বেলিংহামের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। কারণ, গত বছরের শুরুতে মূল মালিকানা হস্তান্তরের সময় ওয়ারউইকশায়ার ও নাইটহেড ক্যাপিটাল বিনিয়োগকারী হিসেবে বেলিংহামের আগ্রহের বিষয়টি বোর্ডকে জানিয়ে রেখেছিল।

অনুরূপ একটি প্রক্রিয়ায় গত জানুয়ারিতে মেজর লিগ ক্রিকেটের দল ‘সিয়াটল ওরকাসের’ সহমালিকেরা সাউদার্ন ব্রেভের একটি সংখ্যালঘু অংশীদারত্ব কেনেন।

ওয়ারউইকশায়ার ও বার্মিংহাম ফিনিক্সের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কেইন বলেন, ‘জুড ছোটবেলা থেকেই ক্রিকেট ভালোবাসতেন। দ্য হানড্রেড যখন থেকে বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়েছে, তখন থেকেই তিনি এর সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। আমরা আশা করছি, ভবিষ্যতে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে তাঁকে পাশে পাব।’

মাঠের লড়াইয়ে বার্মিংহাম ফিনিক্সের রেকর্ড খুব একটা ভালো নয়। দ্য হানড্রেডের আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পুরুষ বা নারী বিভাগে শিরোপা জিততে না পারা তিনটি দলের একটি ফিনিক্স। গত বছর দলটির কোনো বিভাগই নকআউট পর্বে পৌঁছাতে পারেনি। আসন্ন মৌসুমে ফিনিক্সের পুরুষ দলকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাকব বেথেল এবং নারী দলের অধিনায়ক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি।