৩৩ ছক্কা ও ৫০১ রানের ম্যাচে হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ভারত–জয়

৪৫ বলে ১০২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপএএফপি

২৫০ রানের লক্ষ্য। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪০/৪। যার অর্থ রাঁচিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনতে শেষ দুই ওভারে ১০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ১০ রানের আরেকটি হিসাবও ছিল, সেঞ্চুরি থেকে যে ওই দূরত্বেই ছিলেন শাই হোপ।

অক্ষর প্যাটেলের করা ওভারটার প্রথম বলটাকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা বানালেন হোপ। পরের বলটাকে এক্সট্রা কাভারে ঠেলেও রান নিলেন না ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। তৃতীয় বলটাকে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরেই সেঞ্চুরি আর জয় উদ্‌যাপন করে নিলেন হোপ। ৪৫ বলে সেঞ্চুরি করে দলকে ৯ বল হাতে রেখেই দলকে ৬ উইকেটের জয় এনে দিলেন অধিনায়ক। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। আর তাতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান তাড়ার বিশ্ব রেকর্ডের ম্যাচেও ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০২৩ সালে সেঞ্চুরিয়ানের সেই ম্যাচে প্রতিপক্ষকে রেকর্ড গড়তে দেখে ক্যারিবীয়রা। ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

৩৭ বলে ৭ ছক্কায় ৮৪ রান করেছেন শেরফান রাদারফোর্ড
এএফপি

আজ রান তাড়ার শুরুতে মনে হয়নি এমন কিছুর সাক্ষী হবেন রাঁচির দর্শক। ভারতের ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব প্রথম ওভারের চতুর্থ বলেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরটাকে ৫/২ বানিয়ে দেন। এরপর রোভম্যান পাওয়েলকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৫৩ রান যোগ করেন হোপ। পাওয়েল ১৩ বলে ২৪ রান করে বিদায় নেওয়ার পর শেরফান রাদারফোর্ডকে নিয়ে ৯ ওভারে ১২০ রানের জুটি হোপের। ৩৭ বলে ৭ ছক্কায় ৮৪ রান করে রাদারফোর্ড যখন ফেরেন ৩৫ বলে ৭২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

আরও পড়ুন

সে সময়ে ৬৩ রানে ব্যাট করা হোপ ৯ বল হাতে রেখেই জয় এনে দিলেন রোমারিও শেফার্ডকে নিয়ে। দুজনের জুটিতে ৭৪ রান এসেছে মাত্র ২৬ বলেই। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হোপের ৪৫ বলের ইনিংসে চার ৬টি, ছক্কা ৯টি। হোপের প্রথম সেঞ্চুরিটিও ছিল ১০২ রানের। গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। হোপের সঙ্গী শেফার্ড ১৩ বলে আজ করেছেন ৩৪।

জয়ের পর রোমারিও শেফার্ড ও শাই হোপ
এএফপি

এর আগে ভারত করে ৫ উইকেটে ২৪৯ রান। সর্বোচ্চ ৮২ রান আসে ওপেনার সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। ৪১ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মেরেছেন স্যামসন। এ এ ছাড়া তিলক বর্মা ১৮ বলে অপরাজিত ৪৪, ঈশান কিষান ২২ বলে ৪৩ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৮ বলে ৪০ রান করেন।

ইন্দোরে সিরিজের তৃতীয় ম্যাচ রোববার।

আরও পড়ুন