এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি

বিশ্বকাপ ফাইনালে হারের পর কোহলি ও দ্রাবিড়রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ নভেম্বর ২০২৩। ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি লেখা আছে এক বিষাদময় অধ্যায় হয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন শিরোপার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের সামনে অপেক্ষা করছিল এক মহাকাব্যিক সমাপ্তির। কিন্তু সব হিসাব পাল্টে দেন এক অস্ট্রেলিয়ান—ট্রাভিস হেড। তাঁর ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংসে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ১ লাখের বেশি দর্শকের গ্যালারি সাক্ষী হয় অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের, আর ভারতের জন্য দিনটি হয়ে থাকে এক দীর্ঘশ্বাসের নাম।

দুই দলের দুই ধরনের শুরু

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল টানা দুই হারে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটো ম্যাচেই লড়াই করতে পারেনি তারা। এরপর টানা ৯ জয়। এর মধ্যে আছে পুরো টুর্নামেন্টে ভালো খেলা ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত জয়।

অন্যদিকে ভারত ফাইনালের আগে বিশ্বকাপে কোনো ম্যাচই হারেনি। ফাইনালের আগে দলটি জিতেছিল টানা ১০ ম্যাচে।

ফাইনালে যা হয়েছিল

ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ৫০ ওভারে তুলতে পারে মাত্র ২৪০ রান। ভারতের ইনিংসে ভাগ ছিল দুটি।

প্রথম ১০ ওভারে রোহিত শর্মার আক্রমণাত্মক ইনিংসে তারা তুলেছিল ৮০ রান। তবে পরপর ২ ওভারে রোহিত ও শ্রেয়াস ফেরার পর খোলসবন্দী হয়ে যায় ভারত। মাঝে কোহলি ও রাহুল জুটি গড়েন, ফিফটিও পেরিয়েছেন দুজনই। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। শেষে এসেও কোনো ঝড় ওঠেনি। সে কারণেই তাদের রানটা আটকে যায় ২৪০–এ।

কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া
রয়টার্স

বল হাতে ভারতের শুরুটা হয় দারুণ। অস্ট্রেলিয়া ৩৭ রানের মধ্যেই হারায় ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভ স্মিথকে। তবে ট্রাভিস হেড চতুর্থ উইকেটে মারনাস লাবুশেনকে গিয়ে ১৯২ রানের জুটি গড়েন। হেড শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৭ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছক্কা। তাঁর এই ইনিংসে ৬ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

১৯ নভেম্বরের সেই রাত অস্ট্রেলিয়ার জন্য হয়ে আছে গৌরবের, আর ভারতের জন্য আক্ষেপের। এক ট্রাভিস হেডের ব্যাটেই সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল আহমেদাবাদ।

চোট নিয়েও অস্ট্রেলিয়ার আস্থার প্রতিদান

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলতে গিয়ে হাত ভেঙেছিল হেডের। এমন চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু তাঁর সামর্থ্যের ওপর আস্থা রেখে বিকল্প কাউকে দলে নেয়নি অস্ট্রেলিয়া। অপেক্ষা করেছে তাঁর ফেরার। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই হয়ে ওঠে বিশ্বকাপ জয়ের অন্যতম বড় কারণ।