নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দীর্ঘদিন টানা খেলার মধ্যে থাকায় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ হিসেবে যোগ করা হয়েছে সাকলাইনকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।
বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে সাকলাইনের উপযোগী বোলিং এবং শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ের সামর্থ্য নজর কেড়েছে নির্বাচকদের। সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মন্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী ও উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।
সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। এরপর দুই দল ফিরবে ঢাকায়। ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি।
প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।