এই বুমরা শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই পারেন না
ভারতকে ফাইনালে তুলেছেন কে?
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পথে সবারই কিছু না কিছু অবদান আছে। কিন্তু সবচেয়ে বেশি অবদান রেখেছেন কে? ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ৮৯ রানের ইনিংস খেলা সঞ্জু স্যামসন। সেই হিসাবে খাতা–কলমে অবদানটা স্যামসনেরই বেশি।
তবে এই স্যামসনই মনে করেন, ম্যাচসেরার পুরস্কারটা যশপ্রীত বুমরার প্রাপ্য। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও বুমরার কথা আলাদাভাবে উল্লেখ করেছেন।
বুমরার প্রশংসা করেছেন মাঠের বাইরে থাকা ক্রিকেট বিশ্লেষকেরা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি যেমন বলেছেন, বুমরা একাদশে থাকা মানে অধিনায়কের হাতে সুপারপাওয়ার থাকা, দৈত্য থাকা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৭ রানের জয়ের পেছনে ১৮তম ওভারে বুমরার ৬ রানের বেশি না দেওয়াটাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে বলে ধারণা ডু প্লেসিসহ অনেকের। ইংল্যান্ডের ২০ ওভারে করা ২৪৬ রানের মধ্যে ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়েছেন বুমরা।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও তাঁর কাছ থেকে এমন কিছুই চাইবে ভারত। তবে পরিসংখ্যানে চোখ রাখলে কপালে কিছুটা ভাঁজ পড়তে পারে ভারতীয় অধিনায়কের। পরিসংখ্যান বলছে, যে একটি দলের বিপক্ষে বুমরাকে ঠিকঠাক তাঁর চেনা চেহারায় পাওয়া যায় না, সেটিই নিউজিল্যান্ড। সহজ ভাষায় বললে, একমাত্র কিউইদের বিপক্ষেই বুমরা পারফর্ম করতে পারেন না।
ফাইনাল যেহেতু টি-টুয়েন্টি বিশ্বকাপের, এই সংস্করণেই নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার পারফরম্যান্সে আগে নজর দেওয়া যাক। ৩২ বছর বয়সী এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছেন ১৪টি, উইকেট নিতে পেরেছেন মাত্র ১৬টি।
প্রতি ২৩.৩৭ রান খরচায় একটি করে উইকেট, ওভারপ্রতি খরচ করেছেন ৭.০৫। অথচ টি-টুয়েন্টিতে বুমরার ক্যারিয়ার গড় ও ইকোনমি রেট এর চেয়ে অনেক ভালো। ৯৪ ম্যাচে বুমরার বোলিং গড় ১৮.৫৭, ইকোনমি রেট ৬.৫৫।
ওয়ানডে ও টেস্টেও চিত্রটা একই। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন ১৩টি, উইকেট নিয়েছেন ১৫টি। দলটির বিপক্ষে বুমরার বোলিং গড় ৩৯.২০, যা ক্যারিয়ার গড়ের চেয়ে ১৫.৬৫ বেশি। ওয়ানডেতে বুমরার এর চেয়ে বেশি গড় অন্য কোনো দলের বিপক্ষেই নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার ইকোনমি রেট ৪.৮৩, যেখানে ক্যারিয়ার গড় ৪.৫৯।
টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার সাফল্য সবচেয়ে কম। এখন পর্যন্ত খেলেছেন ৫ টেস্টে, উইকেট মাত্র ৯টি। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরার গড় ৪৫.৪৪।
অন্য সব দেশের বিপক্ষেও যদি বুমরার গড় এমন হতো, তবে নামডাকই হতো না এতে দিনে। তাঁর ক্যারিয়ার গড় যে ১৯.৭৯। কিউইদের বিপক্ষে বুমরার ওভারপ্রতি খরচ ২.৯৩ রান, যদিও ক্যারিয়ার গড় ২.৭৭।
তিন সংস্করণ মিলিয়ে শুধু এই নিউজিল্যান্ডের বিপক্ষেই বুমরার বোলিং–সাফল্য তাঁর সামগ্রিক ক্যারিয়ার গড়ের চেয়ে খারাপ। সেই নিউজিল্যান্ডই এবার ফাইনালে!