টস
বুলাওয়েতে আজ সিরিজ জয়ের লড়াই বাংলাদেশ ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচ শেষে এখন ব্যবধানটা ১–১। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। নাহিদ রানা গত ম্যাচে পাওয়া সাইড স্ট্রেনের চোটে নেই, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বাদ পড়েছেন নুরুল হাসান। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুল গাফফার ও মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফফার ও তাসকিন আহমেদ
উইকেট
আগের বলেই চার খেয়েছিলেন মেহেদী হাসান। তাঁর পরের বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন মারুমানি। ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ৫ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি।
জিম্বাবুয়ে : ২ ওভারে ৬/১
পাওয়ার প্লে
পাওয়ার প্লের ৬ ওভার শেষ হয়েছে, ৪০ রান তুলেছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট একপ্রান্তে রানের গতিটা ঠিকঠাক রাখার চেষ্টা করেছে। আরেকপ্রান্তে মায়ার্স ও আউট হয়ে যাওয়া মারুমানি ভালো করতে পারেননি।
জিম্বাবুয়ে: ৬ ওভারে ৪০/১
দ্বিতীয় উইকেট
রান তোলার গতি খুব একটা ছিল না। তবু জিম্বাবুয়ের হয়ে চাকাটা সচল রেখেছিলেন ব্রায়ান বেনেট। ফিফটি পাওয়ার ৩ রান আগেই ফেরানো গেছে তাঁকে। ৩৮ বলে ৪৭ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে গেছেন।
জিম্বাবুয়ে : ১১.৩ ওভারে ৭৮/২
রাজা আউট, মায়ার্সের ফিফটি
আউট হয়ে গেছেন সিকান্দার রাজা। রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। আরেকদিকে ফিফটি তুলেছেন মায়ার্স। একশ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে: ১৫ ওভারে ১০৯/৩
বাংলাদেশের সামনে...
শেষ ওভারটা দুর্দান্ত করলেন তাসকিন আহমেদ। ৬ রান দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে থেমেছে দেড় শর আগেই। পুরো ইনিংসটা প্রায় একাই টেনেছেন মায়ার্স। ৫৩ বলে ৭৩ রান করে তিনি রান আউট হয়েছেন। তার বাইরে আর একজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন— ৩৮ বলে ৪৭ রান এসেছে ব্রায়ান বেনেটের ব্যাটে। বাংলাদেশের সামনে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দুই উইকেট পেয়েছেন সাইফউদ্দিন।
সাইফ আউট
লক্ষ্যটা খুব বড় নয়। কিন্তু ১৪৪ রান তাড়ায়ও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন সাইফ হাাসন। ৫ বলে তিনি করেছেন ৪ রান। এখন উইকেটে আছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান।
বাংলাদেশ: ২.৩ ওভারে ১৭/১
পাওয়ার প্লে
প্রথম ৬ ওভারে ৩০ রান তুলেছে বাংলাদেশ, উইকেট ওই একটিই। কিন্তু উইকেট হারানোর পর যে চাপ তৈরি হয়েছিল, তা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। রান তোলার গতি এখনও কম।
পারভেজ আউট
পাওয়ার প্লে শেষ হওয়ার পর কয়েকটি বাউন্ডারি এসেছিল তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ব্যাটে। কিন্তু তাও লম্বা হলো না। ২২ বলে ২৪ রান করে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন পারভেজ।
বাংলাদেশ: ৯ ওভারে ৬২/২
শেষ ওভারে নাটক!
শেষ ওভারে নাটকই জমে গেছে একরকম। শেষ ওভারে ৫ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম তিন বলেই কি না দুটি উইকেট হারিয়ে ফেলেছে তারা! এখন ৩ বলে ৪ রান দরকার।
ভয় ধরানো জয়
অবশেষে জয়টা এল!
এর আগে সহজ ম্যাচটাতেও বেশ নাটকই জমে গিয়েছিল। শেষ ওভারে ৫ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ প্রথম ৩ বলেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল। চতুর্থ বলটা লেগেছিল মেহেদীর প্যাডে, দেখে মনে হচ্ছিল এলবিডব্লু হয়ে যাবেন। কিন্তু আম্পায়ার সংকেত দেন ডেড বলের! কারণ তখন ব্যাটসম্যানের সামনে দিয়ে নড়াচড়া করছিলেন জিম্বাবুয়ের এক ফিল্ডার।
পরের বলেই চার মেরে অবশ্য খেলাটা শেষ করে দিয়েছেন মেহেদী। ১৪৪ রান তাড়া করতে নেমে ২ বল আগে ৪ উইকেটে পাওয়া জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টি–টুয়েন্টি সিরিজটা তারা জিতল ২–১ ব্যবধানে।