রাগবির অনুপ্রেরণায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
১৯৯৯ সালের পর আর বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কিউইদের কাছে এরপর হেরেছে টানা পাঁচ ম্যাচ। আজ পুনেতে আবারও সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেনকে কাল মনে করিয়ে দেওয়া হলো এই পরিসংখ্যানটাই।
দক্ষিণ আফ্রিকা কীভাবে এই পরিসংখ্যান পাল্টাতে পারে, সেটাই জানার চেষ্টা হয়েছে ডুসেনের কাছ থেকে। তাতে অবশ্য একটুও অস্বস্তিতে পড়লেন না ডুসেন। প্রোটিয়া ব্যাটসম্যান বললেন, ‘কয়েক দিন আগেও মনে হয় এমন কিছু শুনেছিলাম, পাকিস্তান ম্যাচের আগে...।’ পাকিস্তানের বিপক্ষেও ১৯৯৯ বিশ্বকাপের পর আর জয় পাচ্ছিল না দক্ষিণ আফ্রিকা। গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সেই খরা কাটিয়েছে প্রোটিয়ারা।
পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই জয়ের কথা মনে করেই কি না ডুসেন বললেন তাঁরা অতীত নিয়ে বেশি ভাবেন না, ‘আমরা এটি (পরিসংখ্যান) নিয়ে কোনো কথা বলি না। ওসব তো অতীতের বিষয়। আমরা ও সব বয়ে বেড়াই না। আগামীকাল (আজ) নতুন ম্যাচ। দুটি শক্তিশালী দল মুখোমুখি হবে। ভালো একটি দিনই যাবে।’
পয়েন্ট তালিকার দুই আর তিনের লড়াইয়ে আজ জিতে গেলে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে। সাত ম্যাচে ১২ পয়েন্ট হবে দলটির। আর নিউজিল্যান্ড জিতে গেলে দুই দলেরই পয়েন্ট হবে সাত ম্যাচে ১০ করে।
সেই ম্যাচের আগে কাল ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও প্রশ্নের উত্তর দিতে হলো দুই দলের প্রতিনিধিদের। গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।
ডুসেন স্প্রিংবকস নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা রাগবি দলের কাছে থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বললেন। অন্যদিকে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামও বললেন, তাঁরা অনুপ্রেরণা নেবেন নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকসের কাছ থেকে।