ইকবালের ৫ উইকেট, ইফতেখারের ৭১; জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং

দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দলবিসিবি

আগের ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যাওয়ার ক্ষতটা এখনো দগদগে। তবে আজ ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিএলএসের হিসাবে ২৬ রানে সেই ক্ষতে একটু প্রলেপ দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। শুধু জয়ের আনন্দই তো আর নয়, ব্যাটে-বলেও আগের ম্যাচের চেয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রিটোরিয়ায় টস হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত একটা শুরুই পেয়েছিল ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা। দুই ওপেনার মিলে তুলে ফেলেছিলেন ১৪৮ রান। ৭১ বলে ৭২ রান করা লুডভিগ শুল্ড পেসার রোহনাত দৌল্লার বলে ক্যাচ তুলে দিলে উদ্বোধনী জুটি ভাঙে।

২৭তম ওভারে এসে আরেক ওপেনার জেসন মিউরহেডকে আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন। ৭৩ বলে ৭৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরানোর পর বাংলাদেশও দ্রুতই ম্যাচে ফিরে আসে। যার নেতৃত্ব দেন ইকবাল। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৫ উইকেট পান ১৯ বছর বয়সী বোলার। ৪৭ ওভারেই ২৪৮ রানে অলআউট হয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্ট।

রান তাড়ায় নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশেরও। ১৪ বল ১২ রান করে অধিনায়ক ও ওপেনার জাকির হাসান আউট হওয়ার পর তিনে নামা শাহাদাত হোসেন আউট হন ১২ বলে ১৮ রান করে। আরেক ওপেনার মাহিফজুলও ৩৯ বলে ৩৪ রানের বেশি করতে পারেননি। ১২.২ ওভারে ৮০ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম। দুজন মিলে ১০৬ রান যোগ করার পর বৃষ্টি নামে। ৩৬ ওভারে বাংলাদেশ তখন ৩ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএসের হিসাবে ২৬ রানে এগিয়ে থাকায় জিতে যায় বাংলাদেশ ইমার্জিং। বাংলাদেশের দলটির হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেন ইফতেখার ও ৬৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মাহিদুল।

৭ আগস্ট নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের প্রতিপক্ষ ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাই।

আরও পড়ুন