হ্যাটট্রিক করে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান

হাসান মাহমুদ এবার র‍্যাঙ্কিংয়ে পেলেন সুখবরএএফপি

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে ড্র হওয়া ম্যাচটি হাসান মাহমুদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার ইতিহাস গড়েছেন। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন এই পেসার।

আজ বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ৩৮তম স্থানে উঠেছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে তিনি প্রথমবার এই অবস্থানে উঠেছিলেন।

আরও পড়ুন

আবুধাবিতে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে পান আরও একটি। একই ম্যাচে ৭ উইকেট নেওয়া ইবাদত হোসেনের উন্নতি আরও বেশি। ১১ ধাপ এগিয়ে তাঁর অবস্থান এখন ৬৭তম।

৪ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে তাঁর ওপরে শুধু তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে তাইজুল এখন ১৮তম। শীর্ষে যথারীতি মিচেল স্টার্ক, তবে দ্বিতীয় স্থানে থাকা ম্যাট হেনরির রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসেরও। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম।

আরও পড়ুন

তবে এক ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। মুশফিক ১৮তম, নাজমুল ২১তম। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মুশফিকই।

বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মুশফিক
শামসুল হক


আফগানিস্তানের রহমত শাহ প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ১৩ ধাপ এগিয়ে ১৩তম। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ অতল ৪১ ধাপ এগিয়ে ৯১তম। ব্যাটসম্যানদের শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দ্বিতীয় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য মিরাজের অবস্থান অপরিবর্তিত। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পরই তিন নম্বরে বাংলাদেশের এই অলরাউন্ডার।

আরও পড়ুন