যানজটে আটকে ছিলেন ক্রিকেটাররা, ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরি

ক্রিকেটাররা যানজটে আটকে থাকায় খেলা শুরু হতে দেরিবিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে এসব ঘটনা অবশ্য নতুন নয়। দুই বছর আগেই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল জ্যামের কারণে। সাভারের বিকেএসপিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গিয়েছিল গাড়ির চাকা। শেখ জামাল–লিজেন্ডস অব রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক–পারটেক্সের ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছিল এক দিন।

এবার পুরো ম্যাচ বাতিল করা হয়নি। তবে আজ নির্ধারিত সময়ের আধঘণ্টা পর শুরু হয়েছে ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচটি। কারণ, দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালের সবাই পূবেরগাঁ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি) যাওয়ার পথে আটকে ছিলেন জ্যামে।

পূর্বাচল হয়ে পিকেএসপির মাঠে যাওয়ার পথে কাঞ্চন ব্রিজে উন্নয়নকাজ চলছে। মূল সড়ক বন্ধ করে অন্য একটি পথ দিয়ে যেতে হচ্ছে গাড়িগুলোকে, তাতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ জন্য কয়েক ঘণ্টা সময় বেশি লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

প্রিমিয়ার লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের কো–অর্ডিনেটর মোহাম্মদ সেলিম এ নিয়ে বলেন, ‘ম্যাচটা আধঘণ্টা পর শুরু হয়েছে। খেলাও পুরো ৫০ ওভার হবে। পূবেরগাঁওয়ে যেতে অনেক সময় লেগে গেছে।’

প্রিমিয়ার লিগে মুখোমুখি ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
বিসিবি

এবার ঢাকার ছয়টি মাঠে হচ্ছে প্রিমিয়ার লিগ। বৃষ্টির মৌসুম চলে আসায় দ্রুত লিগ শেষ করতে চাইছে সিসিডিএম। প্রথম দিনে ছয় ম্যাচের পাঁচটিতেই কোথাও ভেজা আউটফিল্ড, কোথাও আলোকস্বল্পতার কারণে দেরিতে খেলা শুরু হয়। আজ নির্ধারিত সময় সকাল নয়টায় খেলা শুরু হয়েছে কেবল বিকেএসপির দুটি মাঠে।

আরও পড়ুন

সকাল সাড়ে ১০টায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে, তখনো ভেজা আউটফিল্ডের কারণে ইউল্যাব মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংকের ম্যাচ এবং ক্রিকেটার্স একাডেমিতে আবাহনী ও সিটি ক্লাবের ম্যাচটি শুরু করা যায়নি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডান–ব্রাদার্সের ম্যাচও শুরু হয়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর।