পাকিস্তানি স্পিনারকে কেনার পর সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডল সাসপেন্ড

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদএএফপি

পাকিস্তান জাতীয় দলের স্পিনার আবরার আহমেদকে গতকাল ‘দ্য হানড্রেড’–এর নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কেনে সানরাইজার্স লিডস। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) তাদের হ্যান্ডলটি স্থগিত (সাসপেন্ড) হয়। এই হ্যান্ডলে ঢুকতে গেলে বার্তা আসে, ‘অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এক্সের নিয়ম লঙ্ঘন করলে এক্স অ্যাকাউন্ট স্থগিত করে।’

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ আজ সকালে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজির অ্যাকাউন্ট কী কারণে স্থগিত করা হয়েছে, সেটার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি এক্স কর্তৃপক্ষ। এক্স ওয়েবসাইটে উল্লেখ করা আছে, নিরাপত্তা, গোপনীয়তা, ভিডিও কনটেন্টে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের কারণে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।

সানরাইজার্স লিডসের সহ–মালিক কাব্য মারান
বিসিসিআই

আজ শুক্রবার সকাল পর্যন্ত সানরাইজার্স লিডসের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ ও সানরাইজার্স ইস্টার্ন কেপের এক্স অ্যাকাউন্টও সক্রিয় আছে। দ্য হানড্রেডের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান। এর নেতৃত্বে আছেন কালানিথি মারান। তাঁর মেয়ে কাব্য মারান সানরাইজার্স হায়দরাবাদ, সানরাইজার্স লিডস ও সানরাইজার্স ইস্টার্ন কেপের সহমালিক। গতকাল সানরাইজার্স লিডসের হয়ে নিলামে উপস্থিত ছিলেন কাব্য মারান।

আরও পড়ুন

ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের টুর্নামেন্ট হানড্রেডে এবারই প্রথম খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হলো। নিলামের আগে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ছায়া-নিষেধাজ্ঞার আশঙ্কা দেখা দিয়েছিল, কারণ আইপিএল মালিকরা হানড্রেডে আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটির অংশীদারত্ব নিশ্চিত করেছিলেন। বিবিসি এর আগে জানিয়েছিল, ইসিবির এক কর্মকর্তা ও একজন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্টের মধ্যে আলাপের সময় এ কথাটি বলা হয়েছিল, তার মক্কেলের (খেলোয়াড়) প্রতি আগ্রহ শুধু সেই দলগুলোর মধ্যে সীমিত থাকবে, যেগুলো আইপিএল মালিকদের সঙ্গে সংযুক্ত নয়।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমের পর কোনো সক্রিয় পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার এই লিগে খেলেননি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এসএ২০ ফ্র্যাঞ্চাইজি লিগেও পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দেখা যায়নি। সেখানে ছয়টি দলই আইপিএল দলগুলোর সঙ্গে সংযুক্ত।

উসমান তারিক
পিসিবি

বিবিসির প্রতিবেদন প্রকাশ হওয়ার পর, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং হানড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো যৌথ বিবৃতিতে জানায়, ‘বৈষম্যের কোনো জায়গা নেই’ এবং ‘আটটি দল নিশ্চিত করেছে যে (খেলোয়াড়) নির্বাচনের ভিত্তি হবে শুধু ক্রিকেটীয় দক্ষতা, উপস্থিতি ও প্রতিটি দলের চাহিদা।’ নিলামে আরও এক পাকিস্তানি খেলোয়াড় উসমান তারিক দল পেয়েছেন। ১ লাখ ৪০ হাজার পাউন্ডে তাঁকে কিনেছে বার্মিংহাম ফোনিক্স। এই ফ্র্যাঞ্চাইজি দলটি আইপিএলের কোনো দলের সঙ্গে সংযুক্ত নয়।

তবে সানরাইজার্সের আবরারকে কেনার সিদ্ধান্ত ভারতের অনেক ক্রিকেটপ্রেমীই ভালো চোখে দেখেননি। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটার কেনার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। সানরাইজার্স লিডস ও এর সহ-মালিক কাব্য মারান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন।

এক্স হ্যান্ডলে এক ক্রিকেটপ্রেমী লেখেন, ‘আমি আশা করিনি, মোস্তাফিজুর রহমানকে কিনে শাহরুখ খান যেমন সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, কাব্য মারানও তেমন সমালোচনার সম্মুখীন হোক। যদিও ফিজ কখনো ভারতীয়দের অসম্মান করেননি। কিন্তু আবরার স্বভাবগতভাবেই এটা করেন, এমনকি ভারতীয় বিমানবাহিনীকেও উপহাস করেছেন।’

আরও পড়ুন