অকল্যান্ড-কাব্য ও গোধূলির সাঙ্গাকারা

অবসর নেওয়ার আদর্শ সময় কোনটি, এ নিয়ে বিখ্যাত কথাটা সম্ভবত আপনারও জানা। ‘কেন যাচ্ছে না’ বলার বদলে সবাই যেন বলে ‘কেন যাচ্ছ?’
কুমার সাঙ্গাকারা কথাটা জানেন না, এটা হতেই পারে না। ক্রিকেটটা কেমন খেলেন, এটা আর নতুন করে কিছু বলার নেই। ক্রিকেটের বাইরের বিস্তীর্ণ জগৎ সম্পর্কে তাঁর আগ্রহ এবং জানাশোনার কথাও এখন আর কারও অজানা নয়। সেই সাঙ্গাকারা যেন পণ করে নেমেছেন, ‘এখনই কেন যাচ্ছ’ ‘এখনই কেন যাচ্ছ’ রব শুনতে শুনতেই তিনি যাবেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছিলেন ওয়ার্ল্ড টি-টোয়েন্টি দিয়ে। ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানতেও বেছে নিয়েছেন আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট। যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাবেন—এটা অপ্রত্যাশিত কিছু নয়। পর পর দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরিও না। অপ্রত্যাশিত যদি কিছুকে বলতে হয়, তা হলো যেভাবে ব্যাটিং করছেন! কাল ওয়েলিংটনে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নেওয়ার পর সাবেক ইংলিশ ওপেনার নিক নাইট প্রথম প্রশ্নটাই করলেন, ‘এই বিশ্বকাপই তোমার শেষ?’ যত না প্রশ্ন, তার চেয়ে বেশি বিস্ময়। সাঙ্গাকারা জবাব দিলেন, ‘আমি বুড়ো হয়ে গেছি না!’
বুড়ো! তা-ই যদি হয়, বয়সকে নিছক একটি সংখ্যা বলে প্রমাণ করাটাকেও বিদায়বেলায় কর্তব্য হিসেবে নিয়েছেন বলে মনে হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি ছিল ওয়ানডেতে তাঁর ২২টি সেঞ্চুরির মধ্যে দ্রুততম। কী আশ্চর্য, ৭০ বলে সেঞ্চুরি করে পরের ম্যাচেই ছাড়িয়ে গেলেন সেটিকে। ক্যান্ডিতে কৈশোরে যখন ক্রিকেট না টেনিস দোলাচলে ভুগছেন, তখন কেমন মনের আনন্দে খেলতেন, ক্যান্ডিতে বসেই সেই গল্প শুনেছিলাম তাঁর মুখে। শেষেও যেন শুরুর সময়কার সেই আনন্দে খেলার দিনে ফিরে গেছেন।
এটা তো শুধুই ক্রিকেটার সাঙ্গাকারাকে বোঝাচ্ছে। মানুষ সাঙ্গাকারাকে বুঝতেও সমস্যা হবে না যদি পুরস্কার বিতরণীতে তাঁর কথা শুনে থাকেন। নিজের ইনিংস নিয়ে একটা কথাও না বলে ঘুরিয়ে-ফিরিয়ে বারবার প্রশংসা করে গেলেন লাহিরু থিরিমান্নের। এতটাই যে, ড্রেসিংরুমে ফিরে ট্রফিটা উত্তরাধিকারীকে দিয়ে দিয়েছেন, এটা জানলেও মোটেই অবাক হব না।
‘উত্তরাধিকারী’ কথাটা আলটপকা ব্যবহার করা হয়নি। লাহিরু থিরিমান্নে বেড়েই উঠেছেন ‘আগামী দিনের সাঙ্গাকারা’ তকমা গায়ে লাগিয়ে। থিরিমান্নে অবশ্য এটিকে বিষম ভারও ভাবতে পারেন। ‘সাঙ্গাকারা’ হওয়া তো আর মুখের কথা নয়। গোধূলিবেলায় সাঙ্গাকারার রঙিন আকাশ, টানা তৃতীয় পরাজয়ের চোখরাঙানি জয় করে পাকিস্তানের প্রথম জয়ানন্দ—বিশ্বকাপে কালকের দিনটি মোটেই নিস্তরঙ্গ ছিল না। তার পরও বিশ্বকাপ এখনো যেন আচ্ছন্ন আগের দিন অকল্যান্ডের মহাকাব্যিক ম্যাচে। কাল মেলবোর্ন থেকে নেলসন আসতে আসতে বিমানে এই ম্যাচ নিয়ে মুগ্ধ আলোচনা শুনলাম। নেলসনে বিমানবন্দর থেকে হোটেলে আসার পথে ট্যাক্সি ড্রাইভারের মুখে ‘ওয়ান হেল অব আ ম্যাচ’ বিস্ময়!
ওয়ানডেতে দর্শকেরা নাকি শুধুই চার-ছয় দেখতে আসে। টেলিভিশনের চাহিদা মেটাতে শুরু হয়েছিল এই বুলি কপচানো। অকল্যান্ডের এই ম্যাচ মনে করিয়ে দিল চিরন্তন সত্যিটা—ক্রিকেট তখনই সবচেয়ে মোহনীয়, যখন সেটি হয় ব্যাট আর বলের লড়াই। কখনো কখনো ব্যাটকে ছাপিয়ে বল বড় হয়ে উঠলেও সমস্যা নেই। ওয়ানডেতে এক ইনিংসেই তিন শ যেখানে এখন নিত্যদিনের ব্যাপার, সেখানে অকল্যান্ডে দুই ইনিংস মিলিয়ে কোনোমতে তিন শ পার। উইকেট পড়ল ১৯টি। অথচ কী অবলীলায় তা বিশ্বকাপের স্মরণীয় ম্যাচের তালিকায় ঢুকে গেল।
মেলবোর্নে বসে টেলিভিশনে ম্যাচের শেষ অঙ্কটা দেখতে দেখতে মনে হচ্ছিল এজবাস্টনের কথা। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেই সেমিফাইনাল নিয়ে বিলেতের এক কাগজ লিখেছিল, এ এমন এক ম্যাচ, মঙ্গল গ্রহের ‘মানুষ’ও যা চেটেপুটে খাবে। কেন উইলিয়ামসন ছক্কাটা মারার আগ পর্যন্ত এজবাস্টনের মতো অকল্যান্ডও ‘টাই’-এ শেষ হওয়ার সম্ভাবনা ভালোই জাগিয়ে তুলেছিল।
বাণিজ্যিকীকরণের তুমুল হাওয়ায় অনেক কিছু বদলে যাওয়ার পরও ক্রিকেট কিন্তু তার রহস্যময়তা হারিয়ে ফেলেনি। নইলে অকল্যান্ডের ইডেন পার্কের মতো ছোট্ট মাঠে কীভাবে এমন লো-স্কোরিং থ্রিলার হয়! কীভাবে সেটি হয়ে ওঠে বোলারদের মৃগয়াক্ষেত্র!
দুই তাসমান প্রতিবেশী, বিশ্বকাপের দুই স্বাগতিক—ম্যাচটিতে বাড়তি একটা ঝাঁজ ছিল। ২০১৫ বিশ্বকাপে এই প্রথম বোধ হয় কোনো ম্যাচ প্রত্যাশারও বেশি মিটিয়ে দিল। তা অস্ট্রেলিয়া কীভাবে নিয়েছে এই পরাজয়কে? ১৫১ রান করার পর ব্রেন্ডন ম্যাককালাম যে ঝড় তুলেছিলেন, তাতে শোচনীয়ভাবেই হারতে পারত অস্ট্রেলিয়া। অথচ মিচেল স্টার্কের কল্যাণে অবিশ্বাস্যভাবে উল্টো জিতেই যাচ্ছিল প্রায়! কালকের হেরাল্ড সান পত্রিকা সেটিকেই বড় করে দেখিয়ে ‘হতাশ না হওয়ার ৫টি কারণ’ খুঁজে বের করেছে। তা এ রকম:
১. এটা ফাইনাল ছিল না। এটি নিয়ে অস্ট্রেলিয়ানরা বিনিদ্র রাত কাটালে বুঝতে হবে তারা এই বিশ্বকাপের ফরম্যাট সম্পর্কে জানে না। কোয়ার্টার ফাইনালের আগে কিছুতেই কিছু আসে-যায় না।
২. বড় আঘাতটা অস্ট্রেলিয়াই হেনেছে। অস্ট্রেলিয়ার ‘ইগো’তে আঘাত লেগেছে, তবে ব্রেন্ডন ম্যাককালামের হাতে মিচেল জনসনের এঁকে দেওয়া চিহ্নটা আরও বেশি তাৎপর্যময়।
৩. অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যদি আবার দেখা হয়, সেটি হবে এমসিজির ফাইনালে। আগামী সপ্তাহে সিডনিতে শ্রীলঙ্কার কাছে হারলেই শুধু অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল খেলতে অকল্যান্ডে যেতে বাধ্য হতে হবে। অসম্ভব নয়। তবে আপাতত সবচেয়ে সম্ভাব্য মনে হচ্ছে দুদলের ফাইনাল, যেটি হবে অস্ট্রেলিয়ার ডেরাতে।
৪. অস্ট্রেলিয়ার ঘুম ভাঙাতে একটা ধাক্কা দরকার ছিল। অস্ট্রেলিয়ার ঘুমিয়ে থাকায় আশ্চর্যের কী আছে, যেখানে তারা সর্বশেষ ম্যাচ খেলেছে দুই সপ্তাহ আগে।
৫. মিচেল স্টার্ক এই বিশ্বকাপের সেরা বোলার। মাত্র একটি উইকেট হলেই যে সর্বকালের সেরা ঘুরে দাঁড়ানোর গল্পটা লেখা হয়ে যেত, সেটি তাঁর কল্যাণেই। যদি অস্ট্রেলিয়া মাত্র ১৫১ রান করেও প্রায় জিতে যেতে পারে, এই বিশ্বকাপে যেকোনো দলকেই হারাতে পারে তারা।
হেরাল্ড সান অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে দেখেছে। কিউইরা একমত হবে না স্বাভাবিক। তবে একটা ব্যাপারে বোধ হয় সর্বজনীন ঐকমত্যই—এমন ম্যাচে এক দল ২ পয়েন্ট আর আরেক দল শূন্য পায় বটে, তবে শেষ পর্যন্ত জেতে ক্রিকেট!