অকল্যান্ডে অবিশ্বাস্য স্টয়নিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাধারণ এক সেঞ্চুরির পরও জয়  হাতছাড়া মার্কাস স্টয়নিসের l এএফপি
অসাধারণ এক সেঞ্চুরির পরও জয় হাতছাড়া মার্কাস স্টয়নিসের l এএফপি

‘স্টয়নিশিং!’ বিস্ময়ে বিহ্বল করার শব্দটাকে অন্তত এক দিনের জন্য হলেও বদলে দিলেন তিনি। মার্কাস স্টয়নিস, কী এক অবিশ্বাস্য ইনিংস খেললেন। যে ইনিংসটা ঠিক রূপকথা হলো না ‘হ্যাপি এন্ডিং’-এর অভাবে। কিন্তু আবার এ-ও সত্যি, কাল অকল্যান্ডের ফল যেন ভুলে গেছে সবাই। হারজিত গৌণ হয়ে গেছে এক ইনিংসে। প্রায় একাই কাঁধে বয়ে নিয়ে অসাধারণ একটা জয়ের প্রান্তে নিয়ে শেষ পর্যন্ত যে পারলেন না, তাতে তাঁর কোনো দোষ নেই। সিরিজের প্রথম ম্যাচে কাল অস্ট্রেলিয়া হেরেছে ৬ রানে। কিন্তু ১৪৬ রানের অপরাজিত ইনিংসটা আক্ষরিক অর্থেই ঘোষণা করছে—স্টয়নিস অপরাজেয়!
৭ নম্বরে যখন ব্যাট করতে নেমেছিলেন, দল বিপদে। ৫৪ রানে ৫ উইকেট নেই। ৬৭ রানে ৬ উইকেটের পতন। নিউজিল্যান্ডের ২৮৬ রানের জবাবে প্রতিবেশীদের কাছে লজ্জাজনক পরাজয়ই তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার পরিণতি। যে দলটা নিয়মিত অধিনায়ক, সহ-অধিনায়কের পর এই সফরের ভারপ্রাপ্ত অধিনায়ককেও হারিয়ে নেমেছিল মাঠে।
সেই অস্ট্রেলিয়া ১৮ বল বাকি থাকতে যখন অলআউট, জয় ৭ রান দূরত্বে। প্রথম ৬ জুটিতে ৬৭ রান তোলা অস্ট্রেলিয়া শেষ চার জুটিতে যোগ করেছে ২১৩ রান! মাত্র এক ওয়ানডে খেলার অভিজ্ঞতাতেই স্টয়নিস নিজের কাঁধ চওড়া করে নিলেন। প্রথমে সপ্তম উইকেটে ৮১ রান যোগ করেন জেমস ফকনারের সঙ্গে। এরপর প্যাট কামিন্সকে নিয়ে ৪৮ রানের জুটি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন কামিন্স ফেরেন, অস্ট্রেলিয়া তখনো জয় থেকে ৯১ রান দূরত্বে। ওভারে রান তুলতে হবে দশের বেশি করে। হাতে ২ উইকেট। নবম উইকেটে ৩০ রানের জুটি গড়লেন, শেষ জুটিতে ৫৪ রান। মজার ব্যাপার, স্টার্ক আর হ্যাজলউড মিলে এই ৮৪ রানের জুটিতে খেলেছেন মাত্র ৩টি বল!
স্টার্ক ৩ বল খেলেছেন, ২৬ মিনিটে হ্যাজলউডকে একটা বলও খেলতে হয়নি। টেল এন্ডারদের আগলে রেখে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেছেন। তাতে মহেন্দ্র সিং ধোনিকে পেরিয়ে গেছেন সাতে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে। ওপরে কেবল লুক রনকির ১৭০। কিন্তু শেষ পর্যন্ত ‘ফিনিশার ধোনি’ হতে পারলেন না স্টয়নিস।
শেষ বলে ১ রান নিতেই হবে, এই চাপটাই হয়তো কাল হলো ৪৭তম ওভারে! প্রথম তিন বলে রান নেননি স্টয়নিস। চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুই ছক্কা। ২৪ বলে ১৯ রান লাগে। ওভার শুরুর এই সমীকরণ তখন ১৯ বলে ৭-এ নেমে এসেছে। সাউদি নিখুঁত ইয়র্কারে স্টয়নিস ব্যাটটা ছোঁয়াতে পারলেন শুধু। বল সোজা শর্ট মিড অনে। অসম্ভব একটা রান নিতে গিয়ে হ্যাজলউড রানআউট। ৩৪ ওয়ানডের ক্যারিয়ারে প্রথমবারের মতো আউট হ্যাজলউড। এটাই স্টয়নিসের যাবতীয় চেষ্টা মাটি করে দিল!
৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলারও ছিলেন, সঙ্গে ১৪৬ রানের এই অবিশ্বাস্য ইনিংস, স্টয়নিস ম্যাচটিকে মনে রাখবেন। তবে সেটা তীক্ষ্ণ যন্ত্রণার অনুভূতিই এনে দেবে বারবার।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৬/৯ (ব্রুম ৭৩, গাপটিল ৬১, নিশাম ৪৮; স্টয়নিস ৩/৪৯, কামিন্স ২/৬৭)।
অস্ট্রেলিয়া: ৪৭ ওভারে ২৮০ (স্টয়নিস ১৪৬*, কামিন্স ৩৬, ফকনার ২৫; স্যান্টনার ৩/৪৪, ফার্গুসন ২/৪৪, বোল্ট ২/৫৮)। ফল: নিউজিল্যান্ড ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্কাস স্টয়নিস।