অকারণে অস্থির কিউই ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ড বিভ্রান্তি ছড়াতে পারে। মনে হতে পারে, ‘পুঁচকে’ স্কটল্যান্ড বোধ হয় কাঁপিয়ে দিয়েছিল শিরোপার দাবিদার নিউজিল্যান্ডকে। ১৪২ তাড়া করে জিততেই যদি নিউজিল্যান্ডের ৭ উইকেট চলে যায়, সেটা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা আদৌ সে রকম নয়। সাতটা উইকেট গেছে নিউজিল্যান্ডের, তবে সেগুলো যতটা না স্কটিশ বোলারদের কৃতিত্বে, তার চেয়ে বেশি কিউই ব্যাটসম্যানদের খামখেয়ালিপনায়। কিন্তু কখনোই মনে হয়নি নিউজিল্যান্ড ম্যাচটা হারতে পারে।
তাড়াহুড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান আউট হয়েছেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে, জীবন পাওয়ার পরের মিনিটেই ধৈর্য হারিয়ে শট খেলেছেন দুজন। এমনকি উইলিয়ামসনের মতো খুব দেখেশুনে নিখাদ শট খেলা ব্যাটসম্যানও আউট হয়েছেন অকারণে ব্যাট চালিয়ে! খেয়ালিপনায় উইকেট দিয়ে আসেননি শুধু একা গ্রান্ট এলিয়ট। যে কারণে এই তাড়াহুড়া, শেষ পর্যন্ত অবশ্য সেই লক্ষ্যটা পূরণ হয়েছে নিউজিল্যান্ডের। জয়টা মাত্র ৩ উইকেটের হলেও ওভার বাকি ছিল ইনিংসের অর্ধেকেরও বেশি!
ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে আর ড্যানিয়েল ভেট্টরিদের সামনে স্কটিশরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না—এটা ছিল অনুমিতই। হয়েছেও তাই। তবে বোল্ট-সাউদির দাপটে ১২ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাট ম্যাচান আর রিচি ব্যারিংটনের দুটো ফিফটিতে কিছুটা প্রতিরোধ গড়ে স্কটল্যান্ড। স্কোরটা দেড় শর কাছাকাছি গেছে এ দুজনের ব্যাটে ভর করেই।
বোলিং নিয়ে কোনো অসন্তুষ্টি নেই নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামেরও। তবে পরের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে আরও সতর্কতা চান তিনি, ‘ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। পরের ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে। ওরা তেতে আছে। ওই ম্যাচটা তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। জিততে হলে খুব ভালো খেলতে হবে।’
কিউই ব্যাটসম্যানদের খামখেয়ালিতে হোক বা নিজেদের কৃতিত্বে, প্রতিপক্ষের ৭ উইকেট ফেলতে পারাকে বড় অর্জনই বলছেন স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেন। পরের ম্যাচগুলোর জন্য এটাকে বড় প্রেরণা হিসেবেই নিচ্ছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের শেষ ৩টি উইকেট ফেলতে পারিনি। কিন্তু আমি আমাদের পারফরম্যান্সে গর্বিত।’ এএফপি, ক্রিকইনফো।
০
বিশ্বকাপে নয় ম্যাচ খেলে নয়টিতেই হারল স্কটল্যান্ড। হল্যান্ড হেরেছিল প্রথম ১০ ম্যাচেই।
২
বিশ্বকাপে এই প্রথম স্কটল্যান্ডের দুই ব্যাটসম্যান একই ম্যাচে পেয়েছেন ফিফটি।
৪
স্কটল্যান্ডের চার ব্যাটসম্যান পেয়েছেন গোল্ডেন ডাক। বিশ্বকাপ কালই প্রথম দেখল এই ঘটনা। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেট মাত্র তিনবার এক ইনিংসে চার গোল্ডেন ডাক দেখেছে।
৫
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে পাঁচটি ওয়ানডে খেলে পাঁচটিতেই জিতেছে নিউজিল্যান্ড। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে খেলা সাত ওয়ানডেতেই জিতে এই তালিকায় সবার ওপরে পাকিস্তান।