অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দিচ্ছেন কামিন্স

প্যাট কামিন্স।ছবি: আইপিএল

করোনার মহামারির এই সময়ে আইপিএল কেন? ধীরে ধীরে এই প্রশ্ন উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে ঘিরে। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর মিছিল দেখে চমকে উঠেছেন সবাই। এর মাঝেই দিল্লিতে অক্সিজেনের স্বল্পতা ভোগাচ্ছে হাসপাতালগুলোকে। মহাগুরুত্বপূর্ণ অক্সিজেন সরবরাহ করতে না পারায় এক হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ২৫ রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

অক্সিজেনের জন্য হাহাকার ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি। এ অবস্থায় ঢাকঢোল পিটিয়ে আইপিএল আয়োজন, প্রতিদিন সাজসাজ রবে ম্যাচ খেলতে নামা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিচন্দ্রন অশ্বিন এরই মধ্যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে পরিবারের সঙ্গে থাকার জন্য আইপিএল থেকে সরে গেছেন। তিন অস্ট্রেলিয়ান ও এক ইংলিশ ক্রিকেটারও আইপিএল থেকে নাম কাটিয়ে নিয়েছেন।

এত সবের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স আলোচনায় চলে এলেন। ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লাখ টাকা) দান করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।

করোনার সংক্রমণ ঠেকাতে গত বছর মার্চে যখন প্রথমবার লকডাউন ঘোষণা করা হয়, তখন ভারতে গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর করোনা তহবিল। এই প্রথম আইপিএলে খেলা কোনো ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এই তহবিলে অর্থ দিলেন।

এরপর টুইটারে কামিন্স কিছু কথা বললেন করোনার এই সময়ে আইপিএল চলার উদ্দেশ্য নিয়ে, ‘করোনা সংক্রমণের এত উচ্চ হারের মধ্যেও আইপিএল চালু রাখা ঠিক হচ্ছে কি না, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমাকে বলা হয়েছে ভারত সরকার মনে করছে আইপিএল চলার ফলে মানুষ লকডাউনের মধ্যেও কয়েক ঘণ্টার জন্য আনন্দ খুঁজে পাচ্ছেন। দেশের এই কঠিন সময়ে প্রতিদিন কিছুটা স্বস্তি পাচ্ছেন সবাই।’

আরও পড়ুন

কিন্তু জীবন আর মৃত্যু যেখানে মুখোমুখি, সেখানে এই তিন ঘণ্টার বিনোদনে কতটুকুই–বা আর আসে যায়! এই সময়ে আরও কিছু করার তাগিদে নিজের দায়িত্ববোধ থেকেই এগিয়ে এসেছেন কামিন্স। সংকটে থাকা ভারতের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, ‘খেলোয়াড় হিসেবে কোটি মানুষের কাছে বার্তা পাঠানোর সুবিধা পাচ্ছি আমরা, সেটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি। এটা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর তহবিলে আমি একটু অবদান রেখেছি, যাতে বিশেষ করে ভারতীয় হাসপাতালগুলোতে অক্সিজেন সরঞ্জাম কেনা যায়।’

আজ খেলতে নেমেছেন কামিন্স।
ছবি: আইপিএল

নিজে তো দান করেছেনই, এই ভয়াবহ সময়ে ক্রিকেটারদেরও এই বিপদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কামিন্স। টুইটার বার্তায় আইপিএলের অন্য ক্রিকেটারদের সবাইকে এই মহাবিপদে এক হতে বলেছেন, ‘আইপিএলের অন্য খেলোয়াড় এবং বিশ্বজুড়ে ভারতের আবেগ ও উদারতা দেখে মুগ্ধ হয়েছেন এমন ব্যক্তিদের উৎসাহ দেব অবদান রাখার জন্য। আমি এটা ৫০ হাজার ডলার দিয়ে শুরু করছি। এমন সময়ে অসহায়বোধ করাটা সহজ। গত কয়েক দিনে আমারও এমন মনে হয়েছে। কিন্তু আশা করি এভাবে প্রকাশ্যে আবেদন জানিয়ে আমাদের মনের আবেগটা কাজে পরিণত করব, সেটা অনেক মানুষের জীবনে আলো এনে দেবে। আমি জানি, এই অনুদান খুব বড় কিছু না, কিন্তু আশা করি এটা অন্তত কয়েকজনের জীবনে পার্থক্য গড়ে দেবে।’