অখ্যাতদের বিপক্ষেও 'এ' দলের হার
আক্ষরিক অর্থেই প্রস্তুতি ম্যাচ। ১১ জনের বদলে খেলছেন দুই দলের সবাই। প্রতিপক্ষও অখ্যাত এক দল। সেই আইরিন ভিলেজার্স ক্লাবের বিপক্ষে কাল প্রথম ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল!
৫০ ওভারে ‘এ’ দল করেছিল ৭ উইকেটে ২৭২। ৬ উইকেট হারিয়ে ৪৮ ওভারে সেটা টপকে গেছে স্বাগতিকেরা। অথচ শুরুতেই আল আমিনের বিধ্বংসী এক স্পেলে ২৭ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ১৩৮ বলে ১৩৮ রানের পঞ্চম উইকেট জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকেরা। তাইজুল ইসলাম জুটিটা ভাঙার পর আল আমিন নিয়েছেন আরও একটি উইকেট। কিন্তু শেষ রক্ষা হয়নি। এর আগে ওপেনার রনি তালুকদার (৬৪ বলে ৬৮), লিটন (২৯ বলে ৩৯), মিঠুন (৪১ বলে ৩৩), মাহমুদুল (৬৯ বলে ৪৩*) ও সাদমানের (৫৪ বলে ৩৮*) ব্যাট মোটামুটি বড় স্কোরই এনে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।
ম্যাচ শেষে মুঠোফোনে ম্যানেজার হাবিবুল বাশারের কণ্ঠে রাজ্যের হতাশা, ‘যেভাবে শুরু করেছিলাম, আমাদের আরও কিছু রান করা উচিত ছিল। এই উইকেটে চাইলে ব্যাটসম্যানরা আরও বড় ইনিংস খেলতে পারত। কিন্তু সবাই মারতে গিয়ে আউট হয়েছে।’ হারের আরেকটা কারণ তিনি মনে করছেন খেলোয়াড়দের অতিরিক্ত নির্ভার হয়ে পড়া, ‘২৭ রানে ৪ উইকেট পড়ার পরই খেলোয়াড়েরা রিল্যাক্সড হয়ে যায়। ওটা একটা কারণ হতে পারে। এ ছাড়া প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। দলটা মোটেও দুর্বল নয়। টাইটানস ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় দল বলতে পারেন এদের। ওখানে যারা ১৫ জনে সুযোগ পায় না, তারাই এখানে খেলে। চারজন প্রথম শ্রেণির ক্রিকেটার আছে দলটাতে।’