অগোছালো সাঙ্গাকারা!
বাকি থাকল আর একটা ইনিংস। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটটা কুমার সাঙ্গাকারার স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে যাবে। সাঙ্গাকারার বিদায়ী ম্যাচটা মাঠে বসেই দেখছেন স্ত্রী ইয়েহালি। আর এরই এক ফাঁকে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে সনি সিক্স টিভিতে বললেন সাঙ্গাকারার অনেক অজানা কথা।
ধারাভাষ্যকার রাসেল আরনল্ডের সঙ্গে ওই আলাপচারিতায় ইয়েহালি ফাঁস করে দিয়েছেন সাঙ্গাকারার অনেক গোপন কথা। ২২ গজে ব্যাট হাতে দারুণ গোছানো সাঙ্গাকারা, ক্রিকেট-দর্শনে অনন্য, মাইক্রোফোনেও দুর্দান্ত। কিন্তু ঘরের সাঙ্গাকারা পুরো উল্টো। ইয়েহালি বলছিলেন, ‘সাঙ্গা খুবই অগোছালো একজন। বলা যায় বিশ্বের সবচেয়ে অগোছালো মানুষ!’
জীবনসঙ্গীর একটা ‘দোষ’ তুলে ধরে গুণের কথা বলবেন না তাই কি হয়! ইয়েহালি জানিয়ে দিলেন শ্রীলঙ্কার এই ক্রিকেট কিংবদন্তি রান্না করতে জানেন, ‘সাঙ্গা রান্না করতে ভালোবাসে। বিশেষ করে বাড়িতে পাস্তা রান্না করতে খুবই পছন্দ করে।’ স্বামীর আর যেটি তাঁর ভালো লাগে—মাঠের ক্রিকেট কখনোই বাড়িতে বয়ে না আনা, ‘আমরা কখনো বাড়িতে ক্রিকেট নিয়ে কথা বলিনি। সব সময় নিশ্চিত করতাম, ক্রিকেটের বাইরেও বাসায় যেন অন্য একটা জীবন থাকে।’
ইয়েহালির ধারণা, অবসরজীবনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে সাঙ্গাকারার, ‘এমনিতে সাঙ্গা খুবই খোলা মনের মানুষ। কখনোই খুব বেশি চাওয়া ছিল না ওর। তবে জীবনের বড় সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থেকেছে বলেই এখন ক্রিকেট ছাড়া জীবনের সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় লাগবে। অবশ্য আরও দু-এক বছর তো টুকটাক ক্রিকেট খেলবে নানা জায়গায়।’