অগোচরে রয়ে যায় যে জয়
>ধবলধোলাই, দেশের মাটিতে টানা দুটি সিরিজ জয়...মনের ঘরে কত স্মৃতি নিউজিল্যান্ডকে ঘিরে। এসবের মধ্যেই চিলেকোঠা থেকে উঁকি দেয় কিউইদের বিপক্ষে ‘প্রথম’ জয়। লিখেছেন রাজ শুভ নারায়ন চৌধুরী
নিউজিল্যান্ডের কথা বললেই প্রথমে কী মনে আসে?
২০১০ সালের বাংলাওয়াশ!
তারপর?
২০১৩ সালে আবার বাংলাওয়াশ!

অবস্থাটা এমন, কত সহজে হয়ে যায় বলা, একটুও কাঁপে না গলা। কাঁপবেই বা কেন? ঘরের মাটিতে টানা দুটি ওয়ানডে সিরিজে দাপুটে জয়, সেটিও পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে—চাট্টিখানি কথা নাকি! এর আগে ২০০৮ সালেও একবার বাংলাদেশ হারিয়েছে কিউইদের।
আচ্ছা, বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে কয়বার হারিয়েছে বাংলাদেশ? রেকর্ড খুঁজুন। একটা জয়ও পাওয়া যাবে না! স্বীকৃত ওয়ানডেতে যে বিদেশের মাটিতে কখনো কিউইদের হারানো হয়নি বাংলাদেশের।
রেকর্ড সত্যিই বলে, তবে পুরোটা বলে না!
বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ডকে এবং সেটি এই মিরপুর-ফতুল্লায় নয়। বাংলার মাটিতেই নয়। বারবাডোজে। এই বাংলাওয়াশ, সিরিজ জয়ের ভিড়ে যে জয়টা রয়ে যায় অগোচরে। যে জয় নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে টনিকও হতে পারে মাশরাফিদের জন্য।
গুরুত্বে ম্যাচটা তেমন কিছুই ছিল না। ২০০৭ বিশ্বকাপের আগে স্রেফ একটা প্রস্তুতি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি নেই, ম্যাচটিকে ঘিরে তাই মাতামাতি ছিল না। সম্প্রচার করা হয়নি সম্ভবত কোনো টিভি চ্যানেলেও। অগোচরেই সেদিন কীর্তিটা গড়েছিল হাবিবুল বাশারের দল।
এর আগে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান, ২০০৪ সালে ভারত, পরের বছর কার্ডিফে অস্ট্রেলিয়া-বধ কাব্য লেখা হলেও নিউজিল্যান্ডকে তখনো হারাতে পারেনি বাংলাদেশ। অচেনা স্বাদটা প্রথমবারের মতো পাওয়া হলো বারবাডোজের থ্রি ডব্লুস ওভালে। ফ্লেমিং-ওরাম-স্টাইরিসদের ২২৬ রানে আটকানোর পর ১ ওভার ও ২ উইকেট হাতে রেখে সেটি পেরিয়ে যায় বাংলাদেশ।
সেই নিউজিল্যান্ড, যারা বিশ্বকাপে আসার ঠিক আগে মহাশক্তিধর অস্ট্রেলিয়াকে করেছে হোয়াইটওয়াশ। আর বাংলাদেশ? বিশ্বকাপের বড় মঞ্চে তখনো অনেকটাই অনাহূত, ‘মিনোজ’ অপবাদটা ঘোচানোর জন্য যাদের নিয়মিত লড়তে হতো। লড়াইটা মাঠের ক্রিকেটে যেমন, তেমনি কথায়ও।
আগের ১২ মাসে কানাডা-জিম্বাবুয়ে-কেনিয়ার বিপক্ষে খেলতে খেলতে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাই যেন ভুলতে বসেছিল, ব্যতিক্রম শুধু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার বিপক্ষে সাকল্যে পাঁচটি ম্যাচ। অধিনায়ক হাবিবুলও বিশ্বকাপে যাওয়ার আগে বারবার বড় দলের বিপক্ষে ম্যাচ বেশি না খেলতে পারা নিয়ে আক্ষেপ করছিলেন।
তা বড় দল এল প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হয়ে, তাতে বাংলাদেশ লিখল উপাখ্যান।
বাংলাদেশের অন্য অনেক জয়ের মতো এই জয়েও নায়কের আসনটা মাশরাফি বিন মুর্তজার। বিশ্বকাপে যাওয়ার আগে সেবার একটা কথা বলেছিলেন বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, যা পরে দেশের ক্রিকেট–রূপকথায়ও অনন্য জায়গা নিয়ে নিয়েছে—‘ধরে দেবানি!’
ভারত-বধের পরিকল্পনার মূল স্লোগান ছিল সেটি, তবে তাঁর আঁচ লেগেছিল নিউজিল্যান্ডের গায়েও। বলে-ব্যাটে মাশরাফিই জিতিয়েছেন বাংলাদেশকে। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে জয়ের তরির বইঠা ধরেছিলেন, ব্যাট হাতে ১৪ বলে ৩০ রান করে সেটি নোঙরও করিয়েছেন ‘ম্যাশ’!
মাশরাফি নায়ক, তবে শুধু এটুকু বললে আবদুর রাজ্জাক, তামিম ইকবাল, জাভেদ ওমরদের প্রতি অবিচার করা হবে। নিউজিল্যান্ডকে ২২৬ রানে বেঁধে ফেলার পথে রাজ্জাক ছিলেন স্বভাবসুলভ—রান দেওয়ায় ‘কিপটে’, উইকেট নেওয়ায় ‘বুভুক্ষু’। ১০ ওভারে ২৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট। যার মধ্যে আছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করা জ্যাকব ওরামের উইকেটও। মাশরাফির চেয়ে বোলিংয়েও কিছু কিছু ক্ষেত্রে বেশি অবদানই ছিল এই বাঁহাতি স্পিনারের।
শেন বন্ড, ড্যানিয়েল ভেট্টোরিদের বোলিংয়ের সামনে অবশ্য ২২৬–ও সে সময়ের বাংলাদেশের জন্য অনেক রান। তবে ব্যাটিংয়ের শুরুতেই শঙ্কাটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন তামিম-জাভেদের ওপেনিং জুটি। দুজনই ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়ে গেছেন। তবে আউট হওয়ার আগে তাঁরা ওপেনিং জুটিতে বাংলাদেশকে দিয়ে গেছেন ৮৫ রান। এরপর মিডল অর্ডারে সাকিব-হাবিবুল-মুশফিক-আশরাফুলদের ছোট ইনিংসগুলোও জয়ের ভিত্তি গড়ে দিয়েছে।
তবে দলের সবার এমন বড়-ছোট অবদানের পরও আলাদা করে বলতে হচ্ছে, এটা ছিল মাশরাফিরই ম্যাচ! তিনটি কারণে—
* একটা সময় ৭৫ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে তিনটি উইকেটই মাশরাফির। কিউই ইনিংসের ভিতটা তো কাঁপিয়ে দিয়েছিলেন তিনিই।
* সপ্তম উইকেটে ম্যাককালাম-ওরাম জুটিতে ১০৫ রানে নিউজিল্যান্ড যখন আবার ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই চিত্রপটে মাশরাফি। তাঁর থ্রো থেকেই আউট হন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান করা ম্যাককালাম।
* ব্যাটিংয়েও মাশরাফির অবদানটা অনেক বেশি। ৮৫ রানের ওপেনিং জুটির পরও বাংলাদেশ সপ্তম উইকেট হারায় ১৯২ রানে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আশরাফুল আউট হওয়ার পর ক্রিজে এসেই মাশরাফি তোলেন ঝড়, ১৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রান। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
সেই মাশরাফি এবার বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী নেতা। দলও এখন আর ‘মিনোজ’ তো নয়ই, বরং ক্রিকেটের কুলীনদের একটি। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়—রেকর্ডটা এবার আর শূন্য থাকবে না, এ-ই কাম্য।
সেই ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪৭.২ ওভারে ২২৬ (ভিনসেন্ট ৪, ফ্লেমিং ০, টেলর ১১, স্টাইরিস ২৬, ফুলটন ৫, ওরাম ৮৮, ম্যাকমিলান ৫, ম্যাককালাম ৪৬, ভেট্টরি ৮, ফ্র্যাঙ্কলিন ১২*, বন্ড ৪; মাশরাফি ৪/৪৪, রাসেল ১/৩১, শাহাদাত ০/১২, রাজ্জাক ৪/২৬, সাকিব ০/৪৯, তাপস ০/৪২, রাজিন ০/১৪)।
বাংলাদেশ: ৪৯ ওভারে ২৩০/৮ (জাভেদ ৪৫, তামিম ৪৬, আফতাব ০, সাকিব ১৯, হাবিবুল ২০, আশরাফুল ২৯, মুশফিকুর ১৯, রাজিন ৭, মাশরাফি ৩০*, রাজ্জাক ৪*; ফ্র্যাঙ্কলিন ২/৫৪, বন্ড ১/৫৯, ম্যাসন ০/১৫, প্যাটেল ১/৪০, ভেট্টোরি ৩/৩৮, ওরাম ০/১৪, স্টাইরিস ০/১০)।
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।