অঘটনের আশায় আরব আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচে এভাবে খুব কমই দেখা যায় উমর আকমলকে! কাল নেপিয়ারের অনুশীলনে l এএফপি
ম্যাচে এভাবে খুব কমই দেখা যায় উমর আকমলকে! কাল নেপিয়ারের অনুশীলনে l এএফপি

চলতি পথে যদি হঠাৎ দেখা মেলে কোনো চেনামুখের! উচ্ছ্বাসটা কেমন বাড়তি মাত্রা পায় না? জন্মসূত্র বলুন, ক্রিকেটের সম্পর্ক বলুন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত তো একে অপরের পূর্বপরিচিতই।
লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, খাইবার। পাকিস্তানের এসব শহরেই জন্ম আমিরাতের খেলোয়াড়দের কিংবা তাঁদের পূর্বপুরুষদের। বেড়ে ওঠা, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলারও অভিজ্ঞতা আছে অনেকেরই। কিন্তু এখন সবাই থিতু মরুর দেশে। আরব আমিরাত দলে এমন ‘পাকিস্তানি’ খেলোয়াড় আছেন নয়জন! এমনকি কোচ আকিব জাভেদ পাকিস্তানের ১৯৯২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য, ব্যাটিং কোচ মুদাসসর নজরও পাকিস্তানের মানুষ।
দুবাই, শারজা, আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের খুবই পরিচিত ক্রিকেট ভেন্যু। ২০০৯ সালে পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে যাওয়ার পর তাদের থিতু হতে হয়েছে এই আমিরাতেই। শুধু তা-ই নয়, আমিরাতের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন পাকিস্তানের অনেকেই। বিশ্বকাপ খেলতে গিয়ে আজ নেপিয়ারে দেখা হচ্ছে এ দুই ‘পরিচিত’ দলের।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা একটু স্বস্তি দিলেও শেষ আটে যাওয়াটা এখনো অনিশ্চিত। পরের ম্যাচগুলো তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই, যেখানে পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম টপ-অর্ডারের ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১ রানে ৪ উইকেট, জিম্বাবুয়ের সঙ্গে ৪ রান তুলতেই ফিরেছেন দুই ওপেনার। তিন ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা ফিফটি করেছেন পাঁচটি, সেঞ্চুরি নেই একটিও। পাঁচ ফিফটির দুটি অধিনায়ক মিসবাহ-উল-হকের, একটি ওয়াহাব রিয়াজের! টপ অর্ডারের কেউ তো নেই এ তালিকায়। মিসবাহকে তবু আশায় বুক বাঁধতে হচ্ছে, ‘মাঝে মাঝে এমন হয়। চার-পাঁচটি বাজে ইনিংসের পর দেখবেন, হঠাৎ করেই সেঞ্চুরি পেয়ে গেছেন। আমাদের ব্যাটসম্যানদের ব্যাপারটাও এমনই। তাদের যোগ্যতা আছে।’
ব্যাটিংয়ের ব্যর্থতার প্রভাব পড়ছে বোলিংয়েও। একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলাতে গিয়ে পূর্ণ শক্তির বোলিং আক্রমণ পাচ্ছেন না মিসবাহ। তবে শেষ ম্যাচে মোহাম্মদ ইরফান আর ওয়াহাব রিয়াজের বোলিং আশা জোগাতে পারে তাঁকে।
আমিরাতের চিত্রটা সেখানে একটু ভিন্ন। কাছে গিয়েও অঘটনটা যেন ঘটানো যায়নি! জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে বড় কিছুর আশা জুগিয়েও শেষটা হয়নি মনমতো। আর ভারতের সামনে উড়ে যেতে হয়েছে অনুমিতভাবেই। প্রত্যাশিত অঘটনটা আজই ঘটাবে আমিরাত, পেসার আমজাদ জাভেদের আশা এমনই, ‘প্রথম দুই ম্যাচে আমরা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। আমরা এখানে অঘটন ঘটাতেই এসেছি। চেষ্টাটা আবারও করব।’
লড়াইটা বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক দুই অধিনায়কেরও। মিসবাহ দাঁড়িয়ে চল্লিশে, আর আমিরাত অধিনায়ক মোহাম্মদ তৌকির তেতাল্লিশে। এই ম্যাচে একজনের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা একটু সহজ করতে রানরেট বাড়িয়ে নেওয়া। আরেকজনের লক্ষ্য একটা অঘটন! আশাটা পূর্ণ হবে কার? তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।