পথ খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া পঞ্চম, বাংলাদেশ দশম। এই বিস্তর ফারাক থাকার পরেও কথাটা বলতে হচ্ছে। কারণ অস্ট্রেলিয়া অলরাউন্ডার ময়জেস হেনরিকেস বলেছেন, ‘খুব দ্রুত আমাদের ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে।’
অর্থাৎ প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজেছে অস্ট্রেলিয়া। কাল দ্বিতীয় ম্যাচেও হারের পর হেনরিকেসের এই কথার মানে হলো, সেই পথের হদিস মেলেনি এখনো।
ম্যাথু ওয়েডের এই দল যে সহসাই হদিস পাবে, তেমন মনে করছে না অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর শিরোনাম ‘২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের কাছে দ্বিতীয় হারে ভুল পথে এগোচ্ছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা।’
আট ম্যাচের মধ্যে এটি (কাল দ্বিতীয় ম্যাচে) অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সপ্তম হার। সংবাদমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়ার শিরোনাম ‘অচেনা কন্ডিশনে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া।’
অস্ট্রেলিয়া দলের অলরাউন্ডার ময়জেস হেনরিকেসের কাছে বাংলাদেশের কন্ডিশন ‘একদমই অচেনা।’ যদিও অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড প্রথম ম্যাচে হারের পর বলেছিলেন, এমন কিছুই যে ঘটবে সেটি তারা জানতেন।
কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চরা না থাকলেও মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ওয়েড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারিরা তো আছেন! তবু দুই ম্যাচে জয় দূরে থাক, সেভাবে প্রতিরোধও গড়ে তুলতে পারেনি অস্ট্রেলিয়া!
দেশটির সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ তাই বর্তমান জাতীয় দলকে ধুয়ে দিয়েছে। এমনিতেই বাংলাদেশের মাটিতে এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার কোনো স্বীকৃত মাধ্যম দেখাচ্ছে না।
নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোটে পড়ায় অস্ট্রেলিয়ায় বসে সতীর্থদের খেলা টিভিতে দেখতে না পেয়ে টুইট করেছেন, খেলাটা কীভাবে দেখবেন তা জানতে চেয়েছেন। ম্যাক্সওয়েলও একই কারণে টুইট করেন, খেলা দেখার লিংক চান।
সিডনি মর্নিং হেরাল্ড এ নিয়ে তাদের প্রতিবেদনে লিখেছে, ‘গত ৩০ বছরের মধ্যে এই প্রথম ছেলেদের জাতীয় দলের কোনো সিরিজ ব্ল্যাকআউট (টিভিতে দেখানো হচ্ছে না)। সেটি আসলে সফরকারী দলের খেলা দেখার লজ্জা পাওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছে। কারণ এতটাই বিরক্তিকর যে ঘরে বসে কেউ দেখতে চাইবে না।’
কাল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১২১ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে নুরুল হাসান ও আফিফ হোসেনের ৪৪ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি জয় এনে দেয়।
২১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন নুরুল। তাঁকে নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে লেখা হয়, ‘নুরুল উইকেটকিপিং করছে কারণ এ পজিশনে বাংলাদেশের প্রথম পছন্দ মুশফিকুর রহিমকে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া। কারণ বাবা-মা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে থেকে তিনি আগেই দেশে ফিরে যান। অস্ট্রেলিয়ার বিকল্প খেলোয়াড়েরা যেখানে ব্যর্থ, সেখানে বাংলাদেশের বিকল্প খেলোয়াড়েরা সামনে থেকে লড়েছেন।’
এই সিরিজে অস্ট্রেলিয়া যেমন বেশ কিছু নিয়মিত খেলোয়াড় রেখে এসেছে তেমনি বাংলাদেশও তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিমকে ছাড়া খেলছে।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকেও কাল একদম খেলতে পারেনি অস্ট্রেলিয়া। তাঁর স্লোয়ার-কাটার বুঝতেই পারেনি। এ নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে লেখা হয়, ‘মোস্তাফিজ ১৪৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং আইপিএলে খেলেছেন তিনটি দলে। কিন্তু সফরকারী দলের কয়েকজন তাকে এমনভাবে খেলেছে, যা দেখে অনেকের ১৯৯৩ সালে দুর্ভাগা ইংল্যান্ড ব্যাটসম্যানদের শেন ওয়ার্নের মুখোমুখি হওয়ার ব্যাপারটি মনে পড়তে পারে—তখনো তাঁকে কেউই সেভাবে বুঝে উঠতে পারেনি।’
কাল সিরিজের তৃতীয় ম্যাচ। এখন সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া?