অজানাকে ভয় লেম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াই শুরুর আগেই পাকিস্তান হারিয়েছে তাদের ব্রহ্মাস্ত্র। সাঈদ আজমল না-থাকা মানে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেকটাই ভোঁতা হয়ে যাওয়া। কিন্তু এখনই স্বস্তিতে গোঁফে তা দেওয়ার কিছু দেখছেন না ড্যারেন লেম্যান। নতুন প্রতিভাদের দিয়ে চমকে দেওয়ার নজির যে কম নেই পাকিস্তান ক্রিকেটে! অস্ট্রেলিয়ার কোচের ভয় তেমন কিছুকেই।
আগামী পরশু টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মরুর লড়াই। শক্তি-সামর্থ্যের বিচারে ফেবারিট অস্ট্রেলিয়াই। আজমল না থাকায় ব্যবধান বেড়েছে আরও। তবু মাঠের লড়াই শুরুর আগে লেম্যানের কণ্ঠে সমীহ, ‘পাকিস্তান দল কিসের মধ্য দিয়ে যাচ্ছে, কী হচ্ছে এসব নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। তবে ইতিহাস বলে কোনো না কোনোভাবে দারুণ সব তরুণ প্রতিভা উপহার দিয়েছে তারা। রোমাঞ্চকর সব প্রতিভার অভাব কখনোই হয়নি পাকিস্তানে। আর আরব আমিরাতে পাকিস্তান ভালো খেলে, ওদের হারাতে হলে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে আমাদের।’
এই টি-টোয়েন্টি দিয়েই আবার পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন শহীদ আফ্রিদি। আজমলের শূন্যতা পূরণে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ডাক দিয়েছেন ঐক্যের, ‘আজমলের অনুপস্থিতিতে আমি, হাফিজ ও অন্য বোলারদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাই চেষ্টা করলে অবশ্যই আমরা ওর অভাব ঘুচিয়ে দিতে পারি।’ এএফপি, রয়টার্স।