অত খারাপ দল নয়, এতক্ষণে বোঝাচ্ছে নর্দার্ন টেরিটরি

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের ম্যাচে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ভালো জবাব দিচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি তুলেছে ৩ উইকেটে ৩১৬ রান।
আগের দিন বিসিবির দলের ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণার পর আজ এনটির ওপেনিং জুটিতে তোলে ৮৪ রান। ২৯ রানের মধ্যে স্বাগতিকদের অধিনায়ক গ্রেগরিকে বোল্ড করে দেন লেগ স্পিনার তানভীর হায়দার। চাপটা যখন আরও বাড়ানোর দরকার ছিল, এইচপি দলের বোলাররা তখন নিয়ন্ত্রণ হারিয়েছেন। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন এনটির দুই টপ অর্ডার ব্যাটসম্যান হ্যাকনি ও ডিকম্যান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৯৮ রান।
বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের শিকার হওয়ার আগে হ্যাকনি ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে। ডিকম্যান অবশ্য সেঞ্চুরি হাতছাড়া করেননি, অপরাজিত ছিলেন ১০২ রানে। ডিকম্যান-ডয়েলের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি ১০৫ রান যোগ করে স্কোরটা আরও বড় করার ইঙ্গিত দিয়ে রেখেছে। এইচপির বোলারদের মধ্যে যা একটু সফল ২৯ রানে ২ উইকেট নেওয়া তানভীর।
এই দলকে ওয়ানডে সিরিজে ৫-০তে হারিয়েছিল এইচপি। অনেক দেরিতে হলেও যেন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এই দল বোঝাল, যতটা খারাপ তাদের মনে হয়েছে, ততটা বাজে তারা নয়!